চট্টগ্রামে জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গাসহ ৫৫ হাজারের বেশি ব্যক্তিকে অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তাই চট্টগ্রাম জেলার সাবেক নির্বাচন কর্মকর্তা ও বর্তমানে নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক খোরশেদ আলমসহ চার কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। বুধবার (১৬ জুন) দুপুরে মামলাটি করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন।
অন্য আসামিরা হচ্ছেন- জেলা নির্বাচন অফিসের সাবেক উচ্চমান সহকারী মাহফুজুল ইসলাম, সাবেক অফিস সহায়ক রাসেল বড়ুয়া, পাঁচলাইশ থানা নির্বাচন অফিসের টেকনিক্যাল এক্সপার্ট মোস্তাফা ফারুক।
মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্তরা একে অপরের যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার আশ্রয়ে ভুয়া পরিচয়, নাম-ঠিকানা ব্যবহার করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় শান্তিযোগ্য অপরাধ করেছেন।
আরও বলা হয়েছে, ২০১৫ সালের ২১ অক্টোবর মিরসরাই উপজেলায় ব্যবহারের জন্য চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের সাবেক অফিস সহায়ক রাসেল বড়ুয়া পাঁচলাইশ থানা নির্বাচন অফিসের টেকনিক্যাল এক্সপার্ট মোস্তাফাকে একটি ল্যাপটপসহ বিভিন্ন মাল দেওয়া হয়। তিনি এগুলো গ্রহণ করে মিরসরাইয়ে নিয়ে যান। পরে এসব মাল ফেরত আসার কথা অফিসিয়ালি স্বীকারও করা হয়। তবে ল্যাপটপটি হালনাগাদে বিভিন্ন উপজেলায় ব্যবহৃত হয়েছে বলে বলা হলেও ল্যাপটপের সর্বশেষ অবস্থান সিনিয়র জেলা নির্বাচন অফিসকে রাসেল বড়ুয়া ও মাহফুজুল ইসলাম জানাতে পারেননি। মূলত ওই ল্যাপটপ ব্যবহারের মাধ্যমে তারা অবৈধভাবে ভোটার তালিকায় ৫৫ হাজার ৩১০ জনকে অন্তর্ভুক্ত করেন।
পরবর্তীতে ল্যাপটপের সন্ধানে আইনগত পদক্ষেপ গ্রহণসহ তদন্ত হলেও তৎকালীন জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণ কাজে এবং জাতীয় পরিচয়পত্র তৈরিতে ব্যবহৃত বিশেষায়িত ল্যাপটপটি উদ্ধারের কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এমনকি উক্ত বিষয়টি কর্তৃপক্ষের নজরে না এনে তিনি দোষীদের বাঁচানোর চেষ্টা করেন। পরবর্তীতে ওই ল্যাপটপসহ কয়েকটি ল্যাপটপ ব্যবহার করে ৫৫ হাজার ৩৯০ জনকে অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051