প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা-নির্যাতন ও মামলা দিয়ে কারাগারে পাঠানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। একইওসঙ্গে তাকে নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও তার বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার দাবিও জানায় সাংবাদিক সংগঠনটি।
বুধবার সংগঠনের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবির এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রোজিনা ইসলাম সাম্প্রতিককালে স্বাস্থ্য খাতে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু অনুসন্ধানী প্রতিবেদন করেছেন। প্রতিবেদনের কারণে তিনি কারও কারও ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছেন বলে মনে করা হচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, এই ঘটনা রোজিনা ইসলাম, গণমাধ্যমের স্বাধীনতা, রাষ্ট্রের দুর্নীতিবিরোধী নীতি ও মূল্যবোধের ওপর প্রচণ্ড এক আঘাত। রোজিনা ইসলামের মতো একজন স্বনামধন্য অনুসন্ধানী সাংবাদিককে হেনস্তা ও হয়রানির ঘটনা দেশের স্বাধীন সাংবাদিকতার জন্য এক অশনিসংকেত।
তারা বলেন, যে প্রক্রিয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে রোজিনা ইসলামকে হয়রানি করা হয়েছে, এর মধ্য দিয়ে প্রজাতন্ত্রের ওই কর্মকর্তা-কর্মচারীরা শপথ ভঙ্গ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এই ন্যক্কারজনক ঘটনার বিচারবিভাগীয় তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করছে। একইসঙ্গে রোজিনা ইসলামের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করছে।
নেতৃবৃন্দ আরও বলেন, আমরা ইতোমধ্যে অবগত হয়েছি যে 'অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে করা একটি মামলায় রোজিনা ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ১৯২৩ সালে প্রণীত এই আইনটি ব্রিটিশ শাসনকে পাকাপোক্ত করার কাজে ব্যবহার করা হতো। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে এই ধরনের ঔপনিবেশিক আইন ব্যবহার করে সাংবাদিক হেনস্তার ঘটনা স্বাধীন গণমাধ্যমের মূলে কুঠারাঘাত। এই ধরণের আইন ২০০৯ সালে প্রণীত তথ্য অধিকার আইনের উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের প্রয়োগ প্রকারন্তরে দেশে দুর্নীতিকে উৎসাহিত করবে বলে আমরা মনে করছি।
তারা বলেন, রোজিনা ইসলামের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার, রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও হেনস্তাকারীদের বিচার নিশ্চিত করে সরকার সংবিধানে প্রতিশ্রুত গণমাধ্যমের স্বাধীনতাকে সমুন্নত করতে সচেষ্ট হবে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আশা করে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051