রমজান মাসে রোজা রেখে চলমান মহামারি করোনা ভাইরাসের টিকা নেওয়া যাবে কিনা এ প্রশ্নের জবাব দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (১৪ এপ্রিল) ইসলামী ফাউন্ডেশনের উদ্ধৃতি দিয়ে রোজা রেখে টিকা নেওয়া যাবে কি যাবে না এ বিষয়টি পরিষ্কারভাবে ব্যাখা দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সকালে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘অনেকেই জিজ্ঞাসা করেছেন রোজা রেখে টিকা নিতে পারবেন কিনা। আমি সবাইকে বলতে চাই, রোজা রেখে টিকা নেওয়া যাবে। এ নিয়ে আমরা ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে, রোজা রেখে টিকা নেওয়াতে কোনো বাধা নেই। এছাড়া সৌদি আরবসহ বিভিন্ন দেশেও টিকাদান কর্মসূচি চলছে।’
গত ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে জাতীয়ভাবে শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। টিকার দ্বিতীয় ডোজ কর্মসূচি শুরু হয়েছে ৮ এপ্রিল থেকে। কিন্তু লকডাউনের কারণে অনেকেই ঢাকাতে এসে আটকা পড়েছেন। দ্বিতীয় ডোজ টিকা তারা কীভাবে কোথা থেকে নিতে পারবেন এ নিয়েও প্রশ্ন রয়েছে জনমনে।
এ বিষয়ে অধ্যাপক সেব্রিনা ফ্লোরা বলেন, বর্তমানে টিকা কেন্দ্র পরিবর্তনের কোনো সুযোগ নেই। এতে করে চাপ বাড়বে। প্রথম ডোজ টিকা নেওয়ার ৮-১২ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে। তাই টিকার দ্বিতীয় ডোজ নিয়ে শঙ্কিত বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051