গত দুই মাস ধরে ধারাবাহিকভাবে কমে যাচ্ছে রেমিট্যান্স প্রবাহ। এতে বৈদেশিক মুদ্রার মজুদের ওপর চাপ আরো বেড়ে যাচ্ছে। এমনি পরিস্থিতিতে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে উচ্চ আয়ের প্রবাসীদের ডলারের মূল্য এক লাফে ৮ টাকা বাড়িয়ে দেয়া হয়েছে। আগে যেখানে বিদেশে কর্মরত চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আইনজীবী, ব্যাংকার, নার্সসহ উচ্চ আয়ের পেশাজীবীদের পাঠানো রেমিট্যান্সের প্রতি ডলারে পরিশোধ করা হতো ৯৯ টাকা, গতকাল তা ৮ টাকা বাড়িয়ে ১০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
গতকাল রাতে বাংলাদেশ ব্যাংক গভর্নর আব্দুর রউফ তালুকদাদের সাথে বৈঠক করে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী এমন ব্যাংকারদের সংগঠন বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে বাংলাদেশে সফরত আইএমএফের প্রতিনিধিরা সংগঠন দুইটির সাথে বৈঠক করে।
জানা গেছে, এত দিন বিদেশে কর্মরত উচ্চ আয়ের পেশাজীবীদের রেমিট্যান্সের মূল্য রফতানি দর অনুযায়ী দর ৯৯ টাকা ৫০ পয়সা করে দেয়া হতো। কিন্তু অন্যান্য রেমিটারদের দেয়া হয় যেখানে ১০৭ টাকা। এ জন্য ব্যাংকারদের কাছে এ বিষয় নিয়ে তারা আপত্তি জানিয়ে আসছিল।
এ দিকে ইতোমধ্যে দেশে রেমিট্যান্স প্রবাহ কমতে শুরু করেছে। চলতি অক্টোবরের ২৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে মাত্র ১৩৬ কোটি ডলার। শুক্র শনিবার ছুটি ছিল। এরপর কর্মদিবস থাকে মাত্র একটি। সবমিলে মাস শেষে রেমিট্যান্স প্রবাহ না বেড়ে বরং কমে যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, গত আগস্টে দেশে রেমিট্যান্স এসেছিল ২০৪ কোটি ডলার। সেপ্টেম্বরে তা হঠাৎ ৫০ কোটি ডলার কমে ১৫৪ কোটি ডলারে নেমে আসে। চলতি মাসে ইতোমধ্যে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে তাতে মাস শেষে গত মাসের সমান রেমিট্যান্স আসবে না। অথচ রেমিট্যান্স প্রবাহ বাড়ার বড়ই প্রয়োজন ছিল মনে করছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাফেদার ওপর ছেড়ে দেয়ার পর গত ১২ সেপ্টেম্বর বিষয়টিতে সিদ্ধান্ত নেয় তারা, যা গত ১৩ সেপ্টেম্বর কার্যকর হয়। রেমিট্যান্স প্রবাহ বাড়াতে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন এবিবি চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন। তিনি বলেন, ‘ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী ও সেবিকাদের আয় ব্যাংকের মাধ্যমে পাঠালেও এখন থেকে তারাও ওয়েজ আর্নার্সদের মতো সর্বোচ্চ ১০৭ টাকা দর পাবেন।’
বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেয়ার আগ পর্যন্ত ওয়েজ আর্নারদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। সেলিম আর এফ জানান, হোয়াইট কলার জব এ সম্পৃক্তরা ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠালেও গত ১২ সেপ্টেম্বর থেকে তারা রফতানি বিল হারে ৯৯ টাকা ৫০ পয়সা করে পেতেন।
প্রবাসীরা এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোতে তাদের শুধু ১০৭ টাকা দরে দেয়া হতো বলেও জানান তিনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। তিনি আরো বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক আমাদের এক্সচেঞ্জ হাউজ বিদেশে খোলার জন্য সহজতর করে দিয়েছে। রেমিট্যান্স বাড়ানোর জন্য বিদেশে প্রচার-প্রচারণা যেমন বাড়াতে হবে, তেমনি কিছু মাশুল ছাড় দেয়া যায় কি না , সেটা নিয়েও আলাপ হয়েছে।
রিজার্ভ থেকে ডলার সাপোর্ট বাড়ানো হবে কি না জানতে চাইলে সেলিম আর এফ বলেন, এখন পর্যন্ত সার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের জন্য ডলার সাপোর্ট দেয়া হচ্ছে। এসব এলসির বড় অংশই সরকারি ব্যাংকগুলোতে খোলা হয় বলে মূলত এই সাপোর্টটা এসব ব্যাংকই পাচ্ছে। এটি চলমান থাকবে। বিনিময় হারের মধ্যে ব্যবধান কমিয়ে আনতে এর আগে রোববার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ জানিয়েছিলেন বর্তমান বিনিময় হার নির্ধারণের প্রক্রিয়াটি সাময়িক। তিন থেকে ছয় মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংক বিনিময় হার নির্ধারণে একটি ইউনিফাইড ফর্মুলা নির্ধারণ করবে। বিনিময় হার নির্ধারণের এই ব্যবধানও কমে আসবে। তারই অংশ হিসেবে রিজার্ভ বাড়াতে এমন সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051