করোনামুক্ত হয়ে বাসায় চিকিৎসাধীন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাসভবনে গেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।
আজ বৃহস্পতিবার রাজধানীর আদাবরে রিজভীর বাসায় যান ওই দুই নেতা।
রুহুল কবির রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, রিজভী আহমেদের সঙ্গে দেখা করতে মাহমুদুর রহমান মান্না ও ইশতিয়াক আজিজ উলফাত বেলা ১১টার দিকে তাঁর বাসায় যান। তাঁরা দুইজন অসুস্থ রিজভী আহমেদের বাসায় প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন। তাঁরা শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন।
গত ১৬ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপর ১৭ মার্চ তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ১ এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি হয়। অক্সিজেন লেভেল কমে গেলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি ও করোনামুক্ত হওয়ার দীর্ঘ প্রায় দুই মাস পর গত ৯ মে হাসপাতাল থেকে বাসায় ফেরেন রিজভী। তবে আরও এক মাসেরও বেশি সময় তাঁকে বাসায় বিশ্রামে থাকতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এর আগে রুহুল কবির রিজভীকে দেখতে তাঁর বাসায় গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার খোঁজ-খবর রাখছেন বলে জানান তুষার।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051