রিকশাচালকের টাকা কেড়ে নেওয়ার অভিযোগ ওঠার পর তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের এআইজি মো. সোহেল রানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি অবহিত করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি পোস্টের বিষয়ে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইংয়ের দৃষ্টি আকর্ষণ করে শুক্রবার এক ব্যক্তি বার্তা প্রেরণ করেন। সেখানে উল্লেখ করা হয়, এক অটো রিকশাচালকের সারা রাতের আয় ৬০০ টাকা নিয়ে নিয়েছে দায়িত্বরত পুলিশ সদস্য।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগটি গুরুতর হওয়ায় মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইং তাৎক্ষণিকভাবে বার্তাটি সংশ্লিষ্ট ইউনিট কমান্ডারের কাছে পাঠিয়ে অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করে।
সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, উল্লিখিত ঘটনাস্থলে নিকটবর্তী হাইওয়ে ফাঁড়ির তিনজন সদস্য দায়িত্বরত ছিলেন। এই ঘটনায় পরবর্তীতে একাধিক জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইংয়ের বার্তার প্রেক্ষিতে গাজীপুর হাইওয়ে রিজিয়নের কমান্ডার আলী আহমদ খান বিষয়টি তদন্তের জন্য তাৎক্ষণিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করেন। একই সঙ্গে অভিযুক্ত তিন সদস্যকে তাৎক্ষণিক এক অফিস আদেশে সাময়িক বরখাস্ত করে হাইওয়ে পুলিশের মাঠ পর্যায়ের কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে হাইওয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
বরখাস্তকালীন সময়ে উল্লিখিত সদস্যগণ পুলিশ লাইনসে উপস্থিত থেকে নিয়মিত রোল কলে হাজিরা দেবেন এবং এই সময়ে তারা বিধি মোতাবেক কেবল খোরপোশ ভাতাদি পাবেন।
আরও বলা হয়, গঠিত তদন্ত কমিটি ইতিমধ্যেই সংশ্লিষ্ট রিকশা চালককে খুঁজে বের করে তার সঙ্গে যোগাযোগ করেছে। তাকে সব ধরনের সহযোগিতা ও সুষ্ঠু তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। সাক্ষ্য প্রমাণ, তথ্য উপাত্ত এবং প্রাসঙ্গিক বিষয়াদি বিবেচনায় অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে বিধান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051