রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও চারজন মারা গেছেন। এদের মধ্যে তিনজনই রাজশাহী জেলার বাসিন্দা। অন্যজনের বাড়ি নওগাঁয়। গতকাল শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে আজ শনিবার সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকন্দ্রে দুই জন এবং ২৯/৩০ নম্বর ওয়ার্ডে দুই জন মারা গেছেন। এদের মধ্যে ২ জন পুরুষ এবং ২ জন নারী।
তিনি আরও জানান, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৩৯ জন। বর্তমানে রাজশাহীর ১৯ জন, চাঁপাইনবাবগঞ্জের আটজন, নাটোরের পাঁচজন, নওগাঁর একজন, পাবনার চারজন, কুষ্টিয়ার দুজন এবং চুয়াডাঙ্গার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
এর আগে, গতকাল শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে ২৮ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েনি একটি নমুনাতেও। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ১২৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে চারজনের নমুনায় করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার জয়পুরহাটে ৫ দশমিক ৫৬ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ১৬ দশমিক ৬৭ শতাংশ।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051