রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্যবিদায়ী উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের শেষ কর্মদিবসে অ্যাডহকে নিয়োগপ্রাপ্তদের যোগদান স্থগিত করা হয়েছে৷ শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত চলমান থাকায় তাদের যোগদান এবং এই সংক্রান্ত সব কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়। জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের এক পত্রের মাধ্যমে জানানো হয়েছে যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ৫ মে ইস্যুকৃত সব অ্যাডহক ভিত্তিতে নিয়োগ অবৈধ ঘোষণা করা হয়েছে এবং এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে কোনোরূপ সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত উক্ত নিয়োগপত্রের যোগদান এবং তদসংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম স্থগিত রাখতে অনুরোধ করা হলো।’
বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান বলেন, এই নিয়োগের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তদন্ত করছে। তদন্ত কমিটি কোনো সিদ্ধান্ত না জানানো পর্যন্ত নিয়োগপ্রাপ্তদের যোগদান স্থগিত রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উপাচার্য হিসেবে অধ্যাপক এম আব্দুস সোবহান তাঁর মেয়াদের শেষ দিনে অ্যাডহকে ১৪১ জনকে নিয়োগ দিয়েছেন। এর মধ্যে নয়জন শিক্ষক, ২৩ জন কর্মকর্তা, ৮৫ জন নিম্নমান সহকারী এবং ২৪ জন সহায়ক কর্মচারী হিসেবে নিয়োগ পেয়েছেন। এদিকে এই নিয়োগকে ‘অবৈধ ও বিধিবহির্ভূত’ উল্লেখ করে গত বৃহস্পতিবার সন্ধ্যায় একটা তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। আজ তদন্ত কমিটি ক্যাম্পাসে এসে সাবেক উপাচার্য আব্দুস সোবহানসহ এই নিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051