
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাজনীতির খুব কঠিন সময়ে অবস্থান করছি। এতো কঠিন সময় মনে হয় বাংলাদেশের ইতিহাসে আর কখনও আসেনি।
আজ (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবে এক বইয়ের প্রকাশনা উৎসবে এসব কথা বলেন তিনি। এ এফ এম সোলায়মান চৌধুরীর লেখা ‘ফেনীতে ৩২১ দিন, জেলা প্রশাসক হিসেবে আমার অভিজ্ঞতা’ বইযের প্রকাশনা উপলক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ আর কোনো রাষ্ট্র নেই। এটি পৈত্রিক সম্পত্তি-জমিদারিতে পরিণত হয়েছে। তারা যা ইচ্ছা তা করবে এবং তাই করে যাচ্ছে। কারণ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব যাদের ওপর ছিল তারাই সবার আগে নষ্ট হয়ে গেছেন। আজ যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, তারা সবকিছু ধ্বংস করে দিচ্ছে।
এই অবস্থা থেকে দেশের মানুষ পরিবর্তন চায় মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, তারা সত্যিকার অর্থে একটি ভালো কল্যাণমূলক রাষ্ট্র দেখতে চায়। সেই কারণে বিএনপি কম ত্যাগ স্বীকার করেনি। খালেদা জিয়া গণতন্ত্রের লড়াইয়ের জন্য কারাগারে বন্দী। আজ আমাদের ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। সপ্তাহে প্রায় প্রতিদিন আমাদের নেতাকর্মীদের আদালতে হাজির হতে হচ্ছে।
‘গত দেড়-দুই বছরের মধ্যে আমাদের প্রায় ২২ জন নেতাকর্মীকে রাস্তায় পুলিশের সঙ্গে যুদ্ধ করে প্রাণ দিতে হয়েছে। আমাদের ৭০০ এর বেশি নেতাকর্মী গুম হয়ে গেছেন। তারপরও আমরা হাল ছেড়ে দেইনি। আমরা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য লড়াই-সংগ্রাম করছি।’
তিনি আরও বলেন, আমরা প্রতিকূলতা, বৈরী অবস্থা ও নির্যাতনের পরেও চেষ্টা করছি মাথা উঁচু করে দাঁড়ানোর। আমরা চেষ্টা করছি মানুষের সমস্যাগুলোকে সামনে নিয়ে আসার।
‘ফেনীতে ৩২১ দিন, জেলা প্রশাসক হিসেবে আমার অভিজ্ঞতা’ বইটি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, সোলায়মান চৌধুরী তার যে সাহসের বর্ণনা বইয়ে দিয়েছে, এটি নিঃসন্দেহে আমাদের অনুপ্রাণিত করবে। বিশেষ করে সৎ দায়িত্বশীল আমলাদের অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বইয়ের লেখক এ এফ এম সোলায়মান চৌধুরী। উৎসবে আরও উপস্থিত ছিলেন— শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কবি আব্দুল হাই সিকদার, সূচিপত্র প্রকাশনীর স্বত্ত্বাধিকারী সাঈদ বারী প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051