সর্বাত্মক লকডাউনের খবরে রাজধানী ছাড়ার হিড়িক পড়েছে। পণ্যবাহী ট্রাকেও ছুটছে ঘরমুখো মানুষ। পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটেও যাত্রী ও যানবাহনের চাপ। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এতে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি।
গণপরিবহন বন্ধ থাকায় যে যেভাবে পারছেন, ছুটছেন বাড়ির পথে। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে পাটুরিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল। ঢাকা-আরিচা মহাসড়কের বিশাল অংশ জুড়ে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি।
যাত্রীদের দাবি, সর্বাত্মক লকডাউনে রাজধানীতে থাকার মতো সামর্থ্য নেই অনেকের। তাই অনেকটা বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিয়ে ট্রাকসহ বিভিন্ন ছোট-বড় যানবাহনে করে ঘাটে আসছেন তারা।
ঘরমুখী এক ব্যাক্তি বলেন, ‘লকডাউনের কারণে তাড়াহুড়ো করে বাড়িতে চলে যাচ্ছি। পরে আবার গাড়ি চলবে না। বাড়িতেও যেতে পারব না। বাড়িতে যেতে না পারলে লকডাউনে ঢাকাতে না খেয়ে মরতে হবে।’
মাস্ক না পরা কিংবা সামাজিক দূরত্ব না মানায় নানা অজুহাত তাদের।
একই চিত্র মুন্সিগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার ঘাটেও। লঞ্চ ও স্পীডবোট বন্ধ থাকায় ফেরিতে গাদাগাদি করেই পদ্মা পাড়ি দিচ্ছেন অনেকে। নেই স্বাস্থ্যবিধি মানার বালাই।
এছাড়া মহাসড়কগুলোতেও রয়েছে যানবাহনের চাপ। ট্রাক, সিএনজি, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহনে করে বাড়ি ফিরছেন অনেকে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড় পর্যন্ত রয়েছে প্রচণ্ড যানজট।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051