টার্কিশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার বেরাইদে তিনশ' দরিদ্রের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর মাংস বিতরণ করা হয়েছে। এই কাজে সহযোগিতা করেছে ঢাকাস্থ তুর্কী দূতাবাস, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও ডিএনসিসি ৪২ নং ওয়ার্ড কাউন্সিলর আইয়ুব আনসার মিন্টু।
বেরাইদ একেএম রহমতুল্লাহ স্টেডিয়ামে বিকাল চারটায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় তুর্কী রাস্ট্রদূত মোস্তফা ওসমান তুরান, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এটিএম আবদুল ওহাব, ওয়ার্ড কাউন্সিলর আইয়ুব আনসার মিন্টু, সিনিয়র সাংবাদিক এমদাদ হোসেন ভূঁইয়া প্রমুখ।
তুরস্কের রাস্ট্রদূত তার বক্তব্যে বলেন, বাংলাদেশ তুরস্কের অকৃত্রিম বন্ধু। সুখে-দুঃখে তুরস্ক সবচেয়ে বাংলাদেশের পাশে ছিল, আছে এবং থাকবে। আঞ্চলিক, আন্তর্জাতিক ফোরাম সবক্ষেত্রেই আমরা একে অন্যের নীতি ও অবস্থানকে সম্মানের চোখে দেখি, সমর্থন করি।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজকে বাংলাদেশের ভাইবোনদের জন্য এটা টার্কিশ অ্যামবাসির মাধ্যমে অতি সামান্য উপহার। রোহিঙ্গা মুসলিম ও বাংলাদেশের ভাইবোনদের প্রতি আমাদের সাহায্য সহযোগিতার হাত সবসময় প্রসারিত।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এটিএম আবদুল ওহাব বলেন, রেডক্রিসেন্ট সোসাইটি সারা পৃথিবীতে দুর্যোগ-দুর্বিপাকে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা প্রদানে তৎপর, আর্ত মানবতার সেবায় নিয়োজিত। সেই দায়িত্বের অংশ হিসেবেই আজ আমাদের বেরাইদ এলাকায় আসা।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আইয়ুব আনসার মিন্টু বলেন, ঈদ উপহার নিয়ে মসজিদের গ্রাম বেরাইদখ্যাত ডিএনসিসি ৪২ নং ওয়ার্ডে উপস্থিত হওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে তুরস্ক সরকার ও জনগণ, টার্কিশ রেডক্রিসেন্ট কর্তৃপক্ষ, তুরস্কের রাস্ট্রদূত এবং বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটিকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051