রাঙ্গামাটি দুল্লাছড়ি এলাকায় সেনাবাহিনীর টহল দলের সঙ্গে জেএসএস সন্ত্রাসীদের গুলিবিনিময় হয়েছে। এতে একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
আজ সোমবার (১৪ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙ্গামাটির দুল্লাছড়ি এলাকায় সোমবার (১৩ ডিসেম্বর) জেএসএস (সন্তু) দলের সন্ত্রাসীরা কাপ্তাই লেকে জেলেদের কাছ থেকে চাঁদাবাজি করছে এমন তথ্যের ভিত্তিতে জীবতলী সেনা ক্যাম্পের একটি বিশেষ টহলদল ওই এলাকায় যায়। টহল পরিচালনাকালে একটি নৌকা থেকে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসীকে জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করছে দেখতে পায় নিরাপত্তা বাহিনীর টহল দল। এ সময় টহলদল সন্ত্রাসীদের নৌকাটিকে আটকের চেষ্টা চালালে সন্ত্রাসীরা টহল দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে টহল দলের সদস্যরাও পাল্টা গুলি করে।
নিরাপত্তা বাহিনীর প্রতিরোধে টিকতে না পেরে সন্ত্রাসীরা লেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল সন্ত্রাসীদের ব্যবহৃত নৌকাটি তল্লাশি করে সেখানে বিল্টন চাকমা নামে এক সন্ত্রাসীর গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে। নৌকাটি থেকে তিন রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে আইএসপিআর আরও জানায়, বিল্টন চাকমা জেএসএস (সন্তু) দলের একজন সক্রিয় সদস্য এবং রাঙ্গামাটি জেলার বরাদম, জীবতলী ও মগবান এলাকার প্রধান চাঁদাবাজ হিসেবে পরিচিত। তার নামে থানায় খুনসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে পালিয়ে যাওয়া সদস্যদের আটকের জন্য ওই এলাকায় নিরাপত্তা বাহিনী কর্তৃক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051