রংপুর সিটি নির্বাচনের একটি কেন্দ্রে ফল ঘোষণাকে কেন্দ্র করে বিজিবির টহল গাড়িতে আগুন দিয়েছে পরাজিত প্রার্থীর সমর্থকরা।মঙ্গলবার রাতে মহানগরীর আমাশু প্রগতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার পর পুরো এলাকা জুড়ে বিজিবি, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি একাধিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
ক্ষতিগ্রস্ত গাড়িটির চালক ওবায়দুর রহমান বলেন, আমার গাড়িতে বিজিবির সদস্যরা ছিলেন। গাড়ি নিয়ে আসা মাত্রই কয়েকজন হামলা চালায়। পেছনে থাকা প্রশাসনের গাড়ি ঘুরিয়ে যেতে পারলেও আমি যেতে পারিনি। তারা আমার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে অনেকে আহত হয়েছেন।
পুলিশ জানায়, আমাশু প্রগতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষ করে চলে যায় প্রশাসন। ওই কেন্দ্রে রফিকুল ইসলাম নামে এক কাউন্সিলর প্রার্থী প্রথম হন। কিছুক্ষণ পর খবর আসে রফিকুল হেরে গেছেন। এই খবরে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
এসময় ওই পথেই যাচ্ছিল বিজিবির একটি টহল গাড়ি। বিশৃঙ্খলার সুযোগে ক্ষুব্ধ সমর্থকরা গাড়িটির ওপর চড়াও হয়।
ঘটনাস্থল থেকে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051