
ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, চলতি রমজান মাসে ২০ কোটি টাকা জাকাত আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে আয়োজিত সেমিনারে এতথ্য জানান ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ‘দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা’ শীর্ষক ওই সেমিনার আয়োজন করে জাকাত বোর্ড।
ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ‘জাকাত ব্যবস্থাপনাকে শৃঙ্খলা দিতে বর্তমান সরকার এরই মধ্যে জাকাত তহবিল ব্যবস্থাপনা আইন করেছে। সেরা জাকাতদাতাকে নির্বাচন করে পুরস্কৃত করা হবে। দারিদ্র্যমুক্ত দেশ গঠনে জাকাত বোর্ড ইতিবাচক ভূমিকা রাখবে।’
এসময় জাকাতের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো. শহীদুল ইসলাম। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহা. বশিরুল আলম সভাপতির বক্তব্যে জানান, জাকাত ব্যবস্থা সহজ করতে ইসলামি ফাউন্ডেশনের অনলাইন ব্যবস্থার কাজ চলমান আছে। মাঠপর্যায়ে সবাই আন্তরিকতা দিয়ে কাজ করলে জাকাত আদায়ের লক্ষ্য পূরণ হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রশীদ। জাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মুহাম্মদ আবদুস সালাম। এ ছাড়া অনুষ্ঠানে জাকাত বোর্ডের সদস্য, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও প্রকল্প পরিচালক, শিল্প, বাণিজ্য ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051