
নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে হরিণাকুন্ডু। শনিবার সন্ধ্যার দিকে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে আড়–য়াকান্দি ও চ্যাংয়ের মোড়ে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ও অফিস ভাংচুর করে। শনিবার রাতে চ্যাংয়ের মোড় নামক স্থানে ঈগল প্রতিকের প্রচার মাইক ভাংচুর করেন সাবেক চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেলের নেতৃত্বে। এ অভিযোগ করেন স্থানীয় চেয়ারম্যান ও ঈগল প্রতিকের সমর্থক বশির উদ্দীন। তিনি বলেন, রঘুনাথপুর ইউনিয়নে নৌকার সমর্থকরা আতংক সৃষ্টি করছেন। তারা ঈগলের সমর্থকদের হুমকী ও প্রচারমাইক ভাংচুর করছেন।
পেস্টার ছিড়ে দিচ্ছেন। তারা কোন আইন কানুন মানছেন না। এদিকে আড়–য়াকান্দি গ্রামে সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমির ব্যক্তিগত সহকারী রওশন আলীর প্রাইভেট কারে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। এ সময় যুবলীগ নেতা মজনু আহত ও তার মটরসাইকেল ভাংচুর করা হয়। রওশন আলীর ভাষ্য, নৌকার প্রচার চালানোর সময় ঈগল প্রতিকের সমর্থকরা তাদের নির্বাচনী অফিসও ভাংচুর করেন। রওশন আলী অভিযোগ করেন, স্থানীয় চেয়ারম্যান বশির উদ্দীন এই হামলার নেতৃত্ব দেন। তিনি এ বিষয়ে হরিণাকুন্ডু থানায় মামলা করেছেন বলেও জানান। বিষয়টি নিয়ে হরিণাকুন্ডু থানার ওসি মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে। তিনি বলেন এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এদিকে শৈলকুপার বড় মৌকুড়ি গ্রামে ট্রাক প্রতিকের মাইক ভাংচুর ও আম প্রতিকের পোস্টার ছেড়ার অভিযোগ জমা পড়েছে স্থানীয় ইউএনও কার্যালয়ে।
ভিন্নবার্তা/এমএসআই