ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০২৩-২০২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের ২৩টি পদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের মো. রকিবুল আলমসহ ১৫ জন পরিচালক পদে বিজয়ী হয়েছেন। এছাড়া ব্যবসায়ী ঐক্য পরিষদের আট জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।
সোমবার (৩১ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এফবিসিসিআইয়ের ২০২৩-২৫ মেয়াদে অ্যাসোসিয়েশন গ্রুপের ২৩ পরিচালক পদে ভোট ৩১ জুলাই ঢাকার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে খাতভিত্তিক অ্যাসোসিয়েশনে প্রাথমিকভাবে মোট ১ হাজার ৯৯০ জন ভোটার থাকলেও যাচাই-বাছাই শেষে ১ হাজার ৯৫৪ জন ভোটার ভোট প্রদানের জন্য চূড়ান্ত তালিকায় স্থান পান। সেই ভোটারদের মধ্য থেকে নির্বাচনে ভোট প্রদান করেন ১ হাজার ৭৪৬ জন। এক্ষেত্রে সোমবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতির হার ছিল ৮৯ দশমিক ৩৫ শতাংশ। সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট প্রয়োগ করেছেন ভোটাররা। ২৩ পরিচালক পদের বিপরীতে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও ব্যবসায়ী ঐক্য পরিষদ ২৩ জন করে ৪৬ জন প্রার্থী দিয়েছে। এর বাইরে ছিলেন তিনজন স্বতন্ত্র প্রার্থী।
এফবিসিসিআইতে ৬ বছর পর এবারই ভোট হয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এবারের নির্বাচনে প্রকৃত ব্যবসায়ীদের ফেডারেশনের নেতৃত্বে আনতে মাঠে নেমেছিল সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। এই প্যানেলের অন্যতম নির্বাচিত পরিচালক মো. রকিবুল আলম (দিপু) একজন সফল ব্যবসায়ী। স্বচ্ছভাবে ব্যবসা করেন। এর পাশাপাশি ক্রীড়া, সামাজিক ও ধর্মীয় নানা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তিনি। গণমাধ্যমের সঙ্গেও রয়েছে তার নিবির সম্পর্ক। ইতোমধ্যে বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি এখন একজন দক্ষ সংগঠক। নির্বাচনী লড়াইয়ে স্বচ্ছ ইমেজ ও দক্ষ সংগঠক হিসেবে পরিচিতিই তাকে এগিয়ে রেখেছেন ভোটাররা।
নির্বাচিত হওয়ার পর মো. রকিবুল আলম (দীপু) ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও তিনি তার প্যানেল সম্মিলিত ব্যবসায়ী পরিষদ নেতৃবৃন্দ, নির্বাচন পরিচালনা বোর্ড এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এফবিসিসিআইয়ের জেনারেল বডি সদস্য ও নবনির্বাচিত পরিচালক মো. রকিবুল আলম (দীপু) বাংলাদেশ রিভার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি। এছাড়া তিনি বাংলাদেশ কার্গো ভেসেল অনার্স অ্যাসোসিয়েশনের পরিচালক, ন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ স্কাউটস এর এক্সিকিউটিভ মেম্বার, টিটিএল বাংলাদেশ স্কাউটস এর উপদেষ্টা এবং শৈশব মেলা বাংলাদেশের প্রধান উপদেষ্টা। তিনি আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাবেরও সদস্য।
রকিবুল আলম (দিপু) এস এস আর গ্রুপের চেয়ারম্যান। এই গ্রুপের সাতটি প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্বে আছেন তিনি। প্রতিষ্ঠানগুলো হল, এস এস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেড, ড্রেজার এস এস রহমান লিমিটেড, এস এস রহমান এস্টেট লিমিটেড, এস এস রহমান ডকইয়ার্ড লিমিটেড, এস এস আর গ্রীন ব্রিকস লিমিটেড, এসএসআর টুর এন্ড ট্রাভেলস লিমিটেড ও ঢাকা নিবাস এন্ড হাউজিং লিমিটেড। এছাড়া তিনি এস এস রহমান শিপিং লাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন। প্রোপাইটর হিসেবে আছেন এসএস রহমান ইন্টারন্যাশনালের। তার একটি পত্রিকাও রয়েছে। রকিবুল আলম সাপ্তাহিক ভিন্নবার্তা পত্রিকার প্রকাশক।
কে কত ভোট পেয়েছেন
এবার নির্বাচিতদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে হাফেজ হাজী মোহাম্মদ এনায়েত উল্লাহ ১২৯৪টি ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন। বি. এম. শোয়েব ১২৭৯টি, মীর নিজাম উদ্দিন আহমেদ ১২৫৭টি, সিরাজুল ইসলাম ১২৪৬টি, মো. সহিদুল হক মোল্যা ১২১৫টি, নিজাম উদ্দিন রাজেশ ১১৯১টি, মো. মুনতাকিম আশরাফ ১১৭৫টি, রাকিবুল আলম দীপু ৯৯২টি, মোহাম্মদ আফতাব জাভেদ ৯৬৬টি, মো. ইসহাকুল হোসেন সুইট ৮৯১টি, আমির হোসেন নূরানী ৮৫২টি, সৈয়দ মো. বখতিয়ার ৮৪০টি, তপন কুমার মজুমদার ৮৩৫টি, সালমা হোসেন অ্যাশ ৮৩১টি এবং হাজী মো. আবুল হাশেম ৮১৫টি ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন।
এদিকে ব্যবসায়ী ঐক্য পরিষদের নির্বাচিতদের মধ্যে কাওসার আহমেদ ১০৩০টি ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন। খন্দকার রুহুল আমিন ৯৮৮টি, মো. আমিন হেলালী ৯১১টি, মো. নিয়াজ আলী চিশতী ৯০৯টি, আবু মোতালেব ৮৯৯টি, শমী কায়সার ৮৫২টি, রাশেদুল হোসেন চৌধুরী রনি ৮৩৭টি এবং হাফেজ হারুন পান ৮১৩টি ভোট।
সভাপতি নির্বাচন বুধবার
নির্বাচিত পরিচালকদের ভোটে আগামীকাল বুধবার (২ আগস্ট) এফবিসিসিআই সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও ছয়জন সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভোটগ্রহণ শেষে সোমবার বিকাল সোয়া ৫টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক প্রেস ব্রিফিংয়ে অংশ নিয়ে এসব তথ্য জানান এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী। এ সময় নির্বাচন বোর্ডের অপর দুই সদস্য শামছুল আলম এবং এম এন মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের নির্বাচিত ২৩ জন পরিচালক পদের বিপরীতে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করেন ৪৯ জন প্রার্থী। এর মধ্যে ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল থেকে ২৩ জন, সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল থেকে ২৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করেন ৩ জন পরিচালক প্রার্থী।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051