দীর্ঘ ১৫ বছর পর রংপুরের পীরগঞ্জ উপজেলার হোসেনপুর গ্রামে কৃষক রাজা মিয়া হত্যা মামলায় ৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তারিক হোসেন এ রায় দেন।
মামলার বিবরণে জানা গেছে, রংপুরের পীরগঞ্জ উপজেলার হোসেনপুর গ্রামে ১৫ বছর আগে ২০০৭ সালের ২৬ মে কৃষক রাজা মিয়ার সঙ্গে আসামিদের জমির আইলের বাঁধ নির্মাণ করা নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আসামিরা লাঠি, ছোড়া ও বল্লমসহ দেশিয় অস্ত্র নিয়ে কৃষক রাজা মিয়ার ওপর আক্রমণ চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় তার বড় ভাই আনছার আলী বাদী হয়ে ২৯ আসামির নাম উল্লেখ করে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ সকল আসামির নামে আদালতে চার্জশিট দাখিল করে। মামলাটি দীর্ঘ ১৫ বছর ধরে বিভিন্ন আদালতে সাক্ষ্যগ্রহণ ও বিচার চলে। এ মামলায় ৩২ জন সাক্ষি আদালতে সাক্ষ্য দেন।
সাক্ষ্য ও শুনানি শেষে ৮ আসামি আনিসুর রহমান, আমসার আলী, সমশের আলী, আবু সায়েম, আল আমিন, শাহ আলম, আব্দুল লতিফ ও বাদশা মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
অন্যদিকে ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে আসামিদের পুলিশি পাহারায় কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি নয়নুর রহমান টফি রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, বাদী পক্ষ ন্যায্য বিচার পেয়েছে। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী আব্দুর রশীদ চৌধুরী ও এমদাদুল হক বলেন তারা ন্যায়বিচার পাননি এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051