
ভারতের গোয়ায় পানাজিতে স্থাপন করা হলো ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর মূর্তি। তারকা ফুটবলারের মূর্তিটি স্থাপন করা হয়েছে গোয়া সরকারের পক্ষ থেকে।
ফুটবলকে পরবর্তী স্তরে নিয়ে যেতে এবং রাজ্য ও দেশের যুবকদের অনুপ্রাণিত করতে এ মূর্তিটি স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন গোয়ার মন্ত্রী মাইকেল লোবো।
তিনি বলেন, আমরা যুবকদের অনুপ্রাণিত করতে, রাজ্যে ও দেশে ফুটবলকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য এ মূর্তিটি তৈরি করেছি। আমরা চাই আমাদের বাচ্চারা এই মহান ফুটবলারের মতো হোক। যিনি একজন বিশ্ব কিংবদন্তি।
ক্রিশ্চিয়ানো রোনালদোর মূর্তিটির ওজন প্রায় ৪১০ কেজি। এই মূর্তিটি তিন বছর সময় নিয়ে প্রায় ১২ লাখ টাকা খরচে তৈরি করা হয়েছে।
ক্রিশ্চিয়ানো রোনালদো একজন পর্তুগিজ পেশাদার ফুটবলার। তিনি পর্তুগাল জাতীয় দলের অধিনায়কও। রোনালদো প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেন।
মাইকেল লোবো আরও বলেন, ফুটবলকে অন্য স্তরে নিয়ে যেতে হলে রোনালদোর মূর্তির সঙ্গে সেলফি তুলুন, মূর্তির দিকে তাকান, পাশাপাশি ফুটবল খেলতে অনুপ্রাণিত হোন।
তিনি বলেন, কিছু লোক এই মূর্তি স্থাপনের প্রতিবাদ করছে। এই একই লোক যারা খেলাধুলায় দেশকে এগিয়ে যেতে দেখতে পারে না। যারা মূর্তি স্থাপনের বিরোধিতা করেছে, আমি মনে করি তারা হার্ডকোর ফুটবলকে ঘৃণা করে। তারা ফুটবলকে ধর্ম বলে বিশ্বাস করে না। ফুটবল এমন একটি খেলা, যেখানে জাতি-বর্ণ-ধর্ম ইত্যাদি নির্বিশেষে সবাই সমান।
ভিন্নবার্তা ডটকম/আর