
গাজীপুরের টঙ্গীতে ফেনসিডিলসহ আটক হয়েছেন যুবলীগ নেতা নাজমুল হক (৩৪)। গতকাল বুধবার দুপুরে টঙ্গীর মরকুন টিঅ্যান্ডটি এলাকায় নিজ কার্যালয়ে ফেনসিডিল বিক্রির সময় টঙ্গী পূর্ব থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
নাজমুল গাজীপুর সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বিষ্ণুপুর এলাকার সাইদুল হকের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি টঙ্গীর গোপালপুর এলাকায় বাস করেন।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, নাজমুল দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক ছত্রচ্ছায়ায় মাদকের কারবার করে আসছিলেন। নিজের রাজনৈতিক কার্যালয়ে বসে ফেনসিডিল বিক্রির সময় এসআই শাহ ফরিদ ও এএসআই ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁকে হাতেনাতে আটক করে। তাঁর কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ