খুলনায় যুবলীগের এক নেতাকে গুলি করে হত্যাচেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার এবং ১১ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (১৬ জানুয়ারি) রাতে বয়রা মহিলা কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশের হাতে আটক হওয়ার পর জ্ঞান হারিয়ে ফেলেন ওই যুবক। তৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠায় পুলিশ।
নগরীর ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান শাওনকে হত্যাচেষ্টা চালান ওই যুবক। তিনি বলেন, ‘দুটি মোটরসাইকেলে ছয়জন মুখোশ পরিহিত ছিলেন। হত্যার উদ্দেশ্যে তারা আমাকে লক্ষ্য করে প্রথমে গুলি করেন, পরে তিনটি বিস্ফোরণ ঘটান। তবে সামান্যের জন্য প্রাণে বেঁচে যাই।’
যুবলীগ নেতা শাওন আরও জানান, তার বাবা ও বড় ভাইকেও নির্মমভাবে হত্যা করেছিল সন্ত্রাসীরা। এ ঘটনার আগেও তাকে দুইবার হত্যার চেষ্টা চালানো হয়।
তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসেন খালিশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজওয়ান আহম্মেদ। তিনি বলেন, সন্ধ্যার পর তিনি বয়রা এলাকায় ডিউটি করছিলেন। মাগরিবের পরপরই একটি ফাঁকা গুলির শব্দে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানকার স্থানীয় জনতা ওই যুবককে অস্ত্রসহ আটক করে রাখেন। সেখানে থেকে বিদেশি একটি পিস্তল, একটি রিভলবার এবং ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, পুলিশের উপস্থিতি দেখে জ্ঞান হারিয়ে ফেলেন ওই যুবক। জ্ঞান ফিরলে তার সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
হামলার শিকার যুবলীগ নেতা সাঈদুর রহমান শাওনের নামেরও হত্যাসহ কয়েকটি মামলা আছে। তিনি এলাকায় ‘ট্যাংকি শাওন’ নামে পরিচিত। খুলনার আড়াইশো বেড পুজোখোলা এলাকায় এক যুবককে হত্যা করে সেপটিক ট্যাংকে ঢুকিয়ে রেখে আলোচনায় আসেন শাওন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051