এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে মারিয়া পুতিনা এবং ক্যাটরিনা তিকহোনোভার ওপর নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র। জানা গেছে, পুতিনের মেয়েদের ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খবর সিএনএন ও বিসিসির।
এর আগে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছিল জি সেভেন ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে আলোচনা করে এ নিষেধাজ্ঞা দেওয়া হবে। অবশেষে সেই সিদ্ধান্ত নেওয়া হলো আজ, এর মানে ইউরোপেও নিষেধাজ্ঞার কবলে পড়লেন পুতিনের মেয়েরা। আজ বুধবার যুক্তরাষ্ট্রের এই নতুন নিষেধাজ্ঞায় রয়েছে রাশিয়ার সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক আলফা ও আর্থিক প্রতিষ্ঠান সাবের ব্যাংকও। এছাড়াও রাশিয়ার যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক ও প্রতিষ্ঠানকে নতুন করে ইনভেস্ট করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দিয়েছে জো বাইডেন প্রশাসন।
বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের প্রেসিডেন্ট হলেও ভ্লাদিমির পুতিন নিজের পরিবার নিয়ে সব সময় গোপনীয়তা রক্ষা করে চলেন। প্রেসিডেন্ট পুতিন কখনো তার দুই মেয়ের কাউকে প্রকাশ্যে আনেননি। তবে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, মারিয়া পুতিনা হলেন ভ্লাদিমির পুতিনের বড় মেয়ে। বর্তমানে তার বয়স ৩৫। তিনি মেডিসিন বিদ্যায় ক্যারিয়ার গড়েছেন। মারিয়া পুতিনা নেদারল্যান্ডসের ব্যবসায়ী জোরিত ফাসেনকে বিয়ে করেছেন। ধারণা করা হয় তাদের সন্তানও রয়েছে।
অন্যদিকে পুতিনের ছোট মেয়ে ক্যাটরিনা তিকহোনোভার বর্তমান বয়স হলো ৩৪। তিনি রক এন রোল নামে বিশেষ একটি নাচের নৃত্যশিল্পী ছিলেন। বর্তমানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করেন। ইনোপ্রাকতিকা নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক তিনি। এই প্রতিষ্ঠানটির ১.৭ বিলিয়ন ডলারের সম্পত্তি আছে। ক্যাটরিনা বিয়ে করেছিলেন রাশিয়ার সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার কিরিল সামালোভকে। যদিও ক্যাটরিনা ও সামলোভের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে।
উল্লেখ্য, ইউক্রেনে হামলা জেরে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, রাশিয়ার বেশ কয়েকজন রাজনৈতিক ও সামরিক ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051