আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, যুবলীগ হবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। কোনো অনুপ্রবেশকারী যুবলীগে যোগ দিতে পারবে না। যারা বঙ্গন্ধুর ভাস্কর্য ভাঙার কথা বলে তাদের দাঁত ভাঙা জবাব দেবে যুবলীগ। যুবলীগ হবে পাকিস্তানি শত্রুদের বিপক্ষে রুখে দাড়ানোর জন্য, আইএসআইয়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। যুবলীগ চাঁদাবাজি করার জন্য হবে না।
আজ শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকায় জেলা যুবলীগের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী এসব কথা বলেন। এ সময় কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন ও উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটওয়ারীসহ ১০ নেতাকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত অতিথিরা লক্ষ্মীপুর জেলার সন্তান।
নিক্সন চৌধুরী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত নেই। প্রধানমন্ত্রী যাকে সম্মান দেবেন তিনি সম্মানিত হবে। প্রধানমন্ত্রী যাকে নেতা বানাবেন তিনিই নেতা হবেন। শেখ হাসিনার বাইরে কারো ক্ষমতা নেই। আমরা যতই ক্ষমতা দেখায়, যতই সাহস দেখায় সব শেখ হাসিনার সাহস। প্রধানমন্ত্রীর বাইরে কারও সাহস নেই, তাঁর পরে কোনো নেতা নেই। শেখ হাসিনা থাকলেই আপনারা (নেতাকর্মী) থাকবেন। আর শেখ হাসিনা না থাকলে বিএনপি-জামায়াতের অত্যাচার আবার শুরু হবে।
জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাসভীরুল হক অনু প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051