কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, গত দেড় মাসে চালের দাম বাড়েনি। সরকার যদি চাল কিনতে চায় ৪০ টাকায় কিনতে পারে। পাইকার-মিলাররা সরকারকে চাল দিতে চায়। দেশে গত ১৩ বছরে মঙ্গা হয়নি উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, কোনো মানুষ না খেয়ে থাকেনি। যারা একবেলা খেত আজ তারা দুবেলা খায়। যারা দুবেলা খেত তারা তিন বেলা খায়। কোনো দিন খাদ্যের সংকট হয়নি। কোনো হাহাকার হয়নি।
শনিবার সন্ধ্যায় ঢাকায় অফিসার্স ক্লাবে টাঙ্গাইল সদর উপজেলা সমিতি আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, রোজার মাস চলছে। এটি আমাদেরকে ত্যাগ ও সংযমের শিক্ষা দেয়। শুধু নিজের কথা না ভেবে আশেপাশের মানুষ, প্রতিবেশী ও দেশের কল্যাণের কথা ভাবতে হবে। যার যার অবস্থান থেকে দেশ ও জাতির প্রতি যে দায়বোধ আছে, তা পালন করতে হবে ও মানুষকে ভালোবাসতে হবে।
মন্ত্রী বলেন, বাংলাদেশ আজ কৃষিতে শুধু স্বয়ংসম্পূর্ণ না, বাংলাদেশে আজ খাদ্য উদ্বৃত্ত থাকে। বাংলাদেশ খাদ্য বিদেশে রপ্তানি করতে পারে। ধান উৎপাদনে আমরা তৃতীয়। আমরা মাছ উৎপাদনে তৃতীয়। আলু উৎপাদনে সপ্তম। আজ বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে অনন্য অর্জন।
সিন্ডিকেটের মাধ্যমে জিনিসপত্রের দাম বাড়ানো হয় মন্তব্য করে তিনি বলেন, পেঁয়াজের দাম একদম কমে গিয়েছিল ২ মাস আগে। সিন্ডিকেট করে রাতারাতি পেঁয়াজের দাম বাড়ানো হলো। আমরা আমদানি খুলে দিয়েছি। গত পরশু রাজবাড়ী গিয়েছিলাম। পেঁয়াজ চাষিরা বলল, ১০ থেকে ১৫ টাকা কেজি বিক্রি করছি। কীভাবে আমরা বাঁচব! আমি তাদের প্রতিশ্রুতি দিয়েছি, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন ব্যবস্থা নেবেন যাতে চাষিরা দাম পায়।
সমিতির আহ্বায়ক অধ্যাপক শাহ আলমের সভাপতিত্বে সংসদ সদস্য ছানোয়ার হোসেন, তানভীর হাসান ছোটমনির, যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মামুন অর রশিদ প্রমুখ বক্তব্য দেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051