
যশোরে বিআরটিসির একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শহরের মনিহার বাস স্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে বাসটিতে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে পুড়ে বাসটি প্রায় ভস্মীভূত হয়ে গেছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। শ্রমিক নেতাদের অভিযোগ, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে বাসে আগুন দিয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ হারুনার রশিদ ফুলু বলেন, ‘আমরা শ্রমিক নেতারা মনিহারের পাশেই অবস্থান করছিলাম। এ সময় হঠাৎ দেখি বাসে আগুন।
এ বাসটি বিআরটিসির একটি বাস। বৃহস্পতিবার সন্ধ্যায় বাসটি ডিপো থেকে এসে কাউন্টারের সামনে অবস্থান করছিল। এটি আগামীকাল সকাল ৭টায় ভোলা চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল।’
তিনি আরো বলেন, ‘গত তিনদিন ধরে দেশে বিএনপি-জামায়াত ডাকা হরতাল অবরোধে দেশের বিভিন্ন স্থানে বাসে আগুনসহ নাশকতা চলছে।
তবে যশোরের প্রশাসন কঠোর হওয়ায় যশোরে কোনো নাশকতার সুযোগ পায়নি সন্ত্রাসীরা। হরতাল অবরোধের মধ্যে যশোরে আন্তঃজেলা বাস চলেছে। যশোরে বিএনপি জামায়াতের দুষ্কৃতকারীরা কোন অপকর্ম না করতে পেরে এই বাসে আগুন দিয়েছে বলে আমাদের ধারণা। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি একইসাথে জড়িতদের বিচারের দাবি করছি।’
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, ‘বাসে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
এখানে পুলিশের একাধিক টিম তদন্ত করছে। ঘটনাটি সন্দেহজনক। এখনো কিছু জানা যায়নি। পরবর্তীতে জানানো হবে।’