
টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে যমুনা নদীতে বালু উত্তোলনের দায়ে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও তিনজনকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দিনব্যাপী কাকুয়া ইউনিয়নের গয়লা হোসেন ও গোপাল কেউটিল এলাকায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। রাতে তিনজনকে জরিমানা ও ১০ জনকে কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পারভেজ, আক্তার হোসেন, রফিকুল ইসলাম, সোহাগ মিয়া, শহিদুল ইসলাম ও লিয়াকত আলী। তাদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর আলমগীর ও রাজিব হোসেনকে ১৫ দিন, হাসেম মোল্লা সাত দিন ও মিজানুর মিয়াকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া আবু বক্করকে ৫০ হাজার, ইসমাইল হোসেন ও বাবুল নামের দুজনকে ১০ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে যমুনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিল প্রভাবশালী একটি মহল। এসব বালু বিভিন্ন জেলায় বিক্রি করা হতো। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভিন্নবার্তা ডটকম/আর