
অ্যাপলের ম্যাকওএস (macOS) অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের লক্ষ্য করে তৈরি তথ্য চুরির ম্যালওয়্যার ম্যাকসিঙ্ক (MacSync)-এর হালনাগাদ সংস্করণ শনাক্ত করেছেন ক্যাসপারস্কির গবেষকেরা। ২০২৪–২০২৫ সালে প্রথম শনাক্ত হওয়া ম্যালওয়্যারটি এএমওএস (AMOS)-এর একটি ভ্যারিয়েন্ট হিসেবে পরিচিত। ২০২৬ সালের সেপ্টেম্বরে শনাক্ত হওয়া এর নতুন সংস্করণটি আরও জটিল প্রক্রিয়ায় ব্যবহারকারীর ডিভাইসে তথ্য চুরির ম্যালওয়্যার ও ব্যাকডোর ইনস্টল করতে পারে। এর ফলে ব্যবহারকারীর লগইন তথ্য, ব্যক্তিগত ডেটা এবং ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত সম্পদ ঝুঁকির মুখে পড়তে পারে।
সাধারণত বৈধ সফটওয়্যারের ছদ্মবেশে তৈরি ক্ষতিকর অ্যাপ ডাউনলোডের মাধ্যমে এ হামলা শুরু হয়। এসব অ্যাপের মধ্যে ডকুমেন্ট শেয়ার করার টুল কিংবা ক্রিপ্টো ওয়ালেটও থাকতে পারে। কিছু ক্ষেত্রে, সবার জন্য উন্মুক্ত আইক্লাউড (iCloud) ক্যালেন্ডার এন্ট্রির মাধ্যমেও ম্যালওয়্যার ছড়িয়ে দেওয়া হয়। ডিভাইসে ইনস্টল হওয়ার পর ম্যাকসিঙ্ক ব্রাউজারের তথ্য, সংরক্ষিত পাসওয়ার্ড, ক্রিপ্টো ওয়ালেটের তথ্য, টেলিগ্রাম-সংক্রান্ত ডেটা, কিচেইন ফাইল, এসএসএইচ (SSH) কনফিগারেশন এবং সিস্টেমের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে।
এদিকে, অ্যাপলের ফাইন্ডার (Finder) অ্যাপের ছদ্মবেশে থাকা ব্যাকডোরটি হামলাকারীদের আক্রান্ত ডিভাইসে দূর থেকে প্রবেশের সুযোগ দেয়। এর মাধ্যমে তারা ব্রাউজারের এক্সটেনশন এবং বৈধ ক্রিপ্টো ওয়ালেট অ্যাপের পরিবর্তে ক্ষতিকর সংস্করণ ইনস্টল করতে পারে। পাশাপাশি, ডিভাইস থেকে ফাইল চুরি, সিস্টেমের তথ্য সংগ্রহ এবং ইচ্ছামতো ক্ষতিকর কোড চালানোর সক্ষমতাও তাদের হাতে চলে যায়।
ক্যাসপারস্কির নিরাপত্তা বিশেষজ্ঞ সের্গেই পুজান বলেন, “ম্যাকসিঙ্ক তথ্য চুরির ম্যালওয়্যারের নতুন সংস্করণে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এতে নতুন সক্ষমতা যুক্ত হওয়ার পাশাপাশি ডিভাইসে সংক্রমণের প্রক্রিয়াও আরও জটিল হয়েছে। একই সঙ্গে, ব্যবহারকারীর ডিভাইসে প্রাথমিক প্রবেশাধিকার পেতে সাইবার অপরাধীরা সামাজিক প্রকৌশলভিত্তিক কৌশল আরও উন্নত করছে। তাই নতুন কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার সময় সতর্ক থাকা জরুরি, বিশেষ করে যখন সেটির নির্মাতা বা ডেভেলপার সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না।
তিনি আরও বলেন, “কোনো অ্যাপ ডাউনলোড বা ইনস্টল করার আগে সেটি মূল নির্মাতার তৈরি কি না, তা নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করে নেওয়া উচিত। ডিভাইসের সংবেদনশীল তথ্য ও লগইন তথ্য সুরক্ষিত রাখতে অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই কোনো অ্যাপ্লিকেশন এই পাসওয়ার্ড চাইলে ব্যবহারকারীদের সতর্ক হওয়া প্রয়োজন।”
ক্যাসপারস্কির নিরাপত্তা সমাধানগুলো ম্যাকসিঙ্ক ম্যালওয়্যার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট হুমকি শনাক্ত ও নিষ্ক্রিয় করতে পারে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051