শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমেই ৪০৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
মঙ্গলবার (১৩ জুলাই) রাতে অ্যানেস্থেসিওলজির জুনিয়র কনসালট্যান্ট পদে ৪০৯ জনকে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
বিজ্ঞপ্তিতে বলা বলা হয়, আবেদনকারী প্রার্থীর বয়সের সময়সীমা সর্বোচ্চ ৫০ বছর হবে। আগামী ১৮ জুলাই সকাল ১০টা থেকে ২৭ জুলাই রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। শুধু ১০০ নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগের জন্য চূড়ান্ত করা হবে যার পাস নম্বর ৫০।
এর আগে ব্যতিক্রমী ও জরুরি এই নিয়োগ দিতে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস, ১৯৮১’ সংশোধন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংশোধনীটি শুধু এই নিয়োগের ক্ষেত্রেই কার্যকর হবে। এতে ‘জরুরি পরিস্থিতি মোকাবিলায় জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি) নিয়োগ’ শিরোনামে ১৬ নম্বর বিধি যুক্ত করা হয়েছে, যা নিয়োগের পরই বিলুপ্ত হয়ে যাবে।
এর আগে, দেশে করোনা পরিস্থিতির অবনতি হলে ৪২তম বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয় পিএসসি। তারপর পরবর্তী মেধা তালিকা থেকে দ্বিতীয় দফায় আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়।
প্রসঙ্গত, দেশের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নাজুক অবস্থায় আছে। মঙ্গলবার (১৩ জুলাই) আগের ২৪ ঘণ্টায় দেশে আরও ২০৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১২ হাজার ১৯৮ জন। এর আগে সোমবার (১২ জুলাই) ২২০ জনের মৃত্যু হয়। রোববার (১১ জুলাই) মারা যান রেকর্ড ২৩০ জন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051