ফরিদপুরে সবুজ মোল্যা (২৯) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ২৬নং ওয়ার্ডের বায়তুল আমান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সবুজ ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের কাজেম মাতুব্বরেরডাঙ্গী এলাকার শহীদ মোল্যার ছেলে। পদ্মা নদী ভাঙ্গনের কারণে গত কয়েক বছর আগে শহীদ মোল্লা বায়তুল আমান এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। সবুজ বায়তুল আমান বাজারে মোবাইল ফোনের ফ্ল্যাক্সিলোডের ব্যবসা করতেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে ফারুক ও প্রত্যয় নামে দুই সহযোগীকে নিয়ে মোটরসাইকেলযোগে স্থানীয় বাজারে যাচ্ছিলেন সবুজ। পথিমধ্যে আদর্শ একাডেমির সামনে এলে ৬ থেকে ৭ জনের অস্ত্রধারী সন্ত্রাসী দল সবুজকে মোটরসাইকেল থেকে নামিয়ে মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে সন্ত্রাসীরা সবুজের বাম হাতের কব্জি কেটে নিয়ে চলে যায়।
গুরুতর অবস্থায় স্থানীয়রা সবুজকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাত পৌনে ১২টার দিকে হাসপাতালে নেওয়ার পর সবুজ মারা যান।
হাসপাতালে কর্তব্যরত এক ইন্টার্ন চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় সবুজের।
নিহত সবুজের পরিবারের অভিযোগ, এলাকার চিহ্নিত কয়েক সন্ত্রাসীর সঙ্গে সবুজের বিরোধ ছিল। তারা বিভিন্ন সময় সবুজকে হত্যার হুমকি দিয়ে আসছিল। তাছাড়া বায়তুল আমান বাজার এলাকায় মাদক ও ইন্টারনেট ব্যবসা নিয়ে কয়েকজনের সঙ্গে বিরোধ চলছিল সবুজের। এরই জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
সবুজ মোল্লার পিতা শহীদ মোল্লা জানান, তার ছেলেকে কারা খুন করেছে তিনি সব কিছুই জানেন। তবে এখনই তিনি তাদের নাম বলবেন না। মামলার পরই সব জানতে পারবেন।
এদিকে বায়তুল আমান বাজারের একাধিক ব্যক্তি জানান, সবুজ মোল্লার চলাফেরা ভালো ছিল না। তিনি স্থানীয় বেশকিছু খারাপ ছেলেদের সঙ্গে মিশতেন। ধারণা করা হচ্ছে, মাদক কিংবা মেয়েলি ঘটনার বিষয় নিয়ে বিরোধের জের ধরে নৃশংসভাবে সবুজকে হত্যা করা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এমএ জলিল জানান, সবুজ নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারে অভিযান চালাচ্ছে।
এদিকে সবুজ মোল্লার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। এ সময় মিছিল থেকে বক্তারা দ্রুতই সবুজ মোল্লার হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051