
চলতি বছরের অক্টোবরে মুঠোফোনে দিনে গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ৭১৮ কোটি টাকা, যা গত সেপ্টেম্বরের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) নিয়ে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকের লাইনে দাঁড়ানোর বিড়ম্বনা থেকে মুক্তি পেতে এবং সময়ের অপচয় রোধে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এমএফএস বা মোবাইলে লেনদেন সেবা। ফলে বাড়ছে এর ব্যবহার। এতে সাপ্তাহিক ছুটিসহ দিনের যে কোনো সময় বিভিন্ন প্রয়োজনে লেনদেন করতে পারছেন গ্রাহক। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে প্রতিদিন গড়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন হয়েছে ৯৩ লাখ ৬০ হাজার বার। অক্টোবর পর্যন্ত নিবন্ধিত এজেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ২৮ হাজার ৬৭৭টি, যা গত সেপ্টেম্বরের তুলনায় এক দশমিক এক শতাংশ বেশি। ওই মাসে নিবন্ধিত এজেন্টের সংখ্যা ছিল ১০ লাখ ১৭ হাজার ৫৫টি। তবে সক্রিয় হিসাবধারী ব্যক্তির সংখ্যা সেপ্টেম্বরের তুলনায় কমেছে মাইনাস ১৮ শতাংশ। অক্টোবর পর্যন্ত সক্রিয় হিসাবধারী ছিলেন ৩৩২ কোটি ৯৩ লাখ, যা সেপ্টেম্বরে ছিল ৪১০ কোটি ৩৫ লাখ।
অক্টোবরে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে এক হাজার ৭১৮ কোটি টাকা। আর সেপ্টেম্বরে হয়েছিল এক হাজার ৬৩৭ কোটি ৩৭ লাখ টাকা।
অক্টোবরে মোবাইলের মাধ্যমে রেমিটেন্স (প্রবাসী আয়) এসেছে ১১৫ কোটি ১৬ লাখ টাকা, যা আগের মাসের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বেশি। সেপ্টেম্বরে এসেছিল ১১০ কোটি ১০ লাখ টাকা।
অক্টোবরে ক্যাশ ইন ও ক্যাশ আউট বেড়েছে সেপ্টেম্বরের তুলনায়। অক্টোবরে ক্যাশ ইন হয়েছে ১৫ হাজার ৮৭৬ কোটি ৫১ লাখ টাকা এবং ক্যাশ আউট হয়েছে ১৪ হাজার ৬৫৭ কোটি ৬৮ লাখ টাকা। সেপ্টেম্বরে ক্যাশ ইন ১৪ হাজার ৭২৩ কোটি ৩৪ লাখ টাকা এবং ক্যাশ আউট হয়েছিল ১৩ হাজার ৮৯৫ কোটি ৭৯ লাখ টাকা। সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে ব্যক্তি থেকে ব্যক্তিতে লেনদেন বেড়েছে ১১ দশমিক ৫ শতাংশ। অক্টোবরে এ ধরনের
লেনদেন হয়েছে ১৬ হাজার ৫৬৬ কোটি ৫০ লাখ টাকা, যা সেপ্টেম্বরে ছিল ১৪ হাজার ৮৫৭ কোটি টাকা। তবে বেতন ও ইউটিলিটি সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে কমেছে। প্রসঙ্গত, দেশের ১৫টি ব্যাংক বর্তমানে মোবাইল ব্যাংকিং সেবা প্রদান করছে।
ভিন্নবার্তা ডটকম/এন