বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজও এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোর ৬টায় করোনা আক্রান্ত মো. আলমকে (৬০) স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় পরিবার। ভর্তির ঘণ্টাখানেক পর মারা যান তিনি।
মো. আলম শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন। তিনি পৌর শহরের মাদ্রাসা রোডের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসক মৌসুমী আফরোজা মৌ।
এর আগে করোনায় আক্রান্ত হয়ে এ স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল বৃহস্পতিবার দুজন ও বুধবার একজনের মৃত্যু হয়। এ নিয়ে তিনদিনে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে।
হাসপাতালে করোনা আক্রান্ত রোগী ভর্তি, মৃত্যু ও করোনা রোগীর সংখ্যা বাড়ায় ভয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছে না সাধারণ রোগীরা। যার ফলে হাসপাতালের বেড খালি পড়ে রয়েছে।
আজ সকালে গিয়ে দেখা গেছে, ৫০ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ ওয়ার্ডে দুজন ও নারী ওয়ার্ডে তিনজন রোগী রয়েছে। আগে অর্ধশতাধিক রোগী সবসময় ভর্তি থাকত। আর প্রতিদিন সেবা নিতে আসত প্রায় আড়াই শতাধিক রোগী। তা এখন কমে ৩০-৪০ জনে নেমে এসেছে।
বর্তমানে হাসপাতালটিতে কোনো করোনা রোগী ভর্তি নেই। মূলত হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর কারণেই হাসপাতাল ছেড়ে চলে গেছে অন্য রোগীরা। ভয়ে নতুন করে কোনো রোগী আসছে না হাসপাতালে।
গত ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এতে ২০৮ জনের করোনা শনাক্ত হয়। যার গড় শনাক্তের হার হয় ৬৫ শতাংশ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051