মোংলা বন্দরের পশুর পশুর চ্যানেলে সুন্দরবনের অপর পাড়ে ৮৫০ মেট্রিক টন সার বোঝাই ‘এমভি দেশ বন্ধু’ নামে একটি লাইটার কার্গো জাহাজ ডুবে গেছে। এ সময় জাহাজটিতে থাকা ১০ নাবিক সাঁতার কেটে কূলে উঠতে সক্ষম হয়েছেন।
শুক্রবার দুপুরে পশুর চ্যানেলের কাইনমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ডুবে যাওয়া কার্গোটি পশুর চ্যানেলের চরের দিকে থাকায় মূল চ্যানেল সম্পূর্ণই ঝুঁকিমুক্ত নিরাপদ রয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনাকবলিত ‘এমভি দেশ বন্ধু’ লাইটার জাহাজের মাস্টার মো. রিয়াদ আলী মোল্লা ও বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের মোংলা শাখার সহ-সাধারণ সম্পাদক আবুল হাসান বাবুল এ তথ্য নিশ্চিত করে জানান, মোংলা বন্দরের হারবাড়িয়ার ১৪ নম্বর বয়ায় অবস্থানরত পানামা পতাকাবাহী ‘এমভি সিএনভি জর্দানি’ নামে একটি বাণিজ্যিক জাহাজ থেকে বৃহস্পতিবার রাতে ৮৫০ মেট্রিক টন ড্যাপ সার বোঝাই করে পশুর চ্যানেলের কাইনমারী এলাকায় আসলে অন্য একটি লাইটার জাহাজ এসে ধাক্কা দেয়। এতে সার বোঝাই এমভি দেশ বন্ধু নামে লাইটার কার্গো জাহাজ ডুবে যায়। এ সময় কার্গো জাহাজটিতে থাকা ১০ নাবিক সাঁতার কেটে কূলে উঠতে সক্ষম হয়েছে।
সার বোঝাই লাইটার কার্গো জাহাজটি মোংলা থেকে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে যাচ্ছিল। বর্তমানে ডুবে যাওয়া কার্গো জাহাজটি জোয়ারের সময় ব্রিজের কিছু অংশ দেখা গেলেও বাকী পুরো অংশই নদীতে নিমজ্জিত রয়েছে। এ ঘটনায় মোংলা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানিয়েছেন কার্গো জাহাজটির মাস্টার রিয়াদ আলী মোল্লা।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ও সচিব (ভারপ্রাপ্ত) কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, দুর্ঘটনাকবলিত স্থান পরির্দশন করেছেন মোংলা বন্দরের হারবার বিভাগের সদস্যরা। সার বোঝাই লাইটার কার্গো জাহাজটি মূল পশুর চ্যানেলের বাহিরে ডুবেছে। কার্গোটি পশুর চ্যানেলের চরের রয়েছে, এতে মূল চ্যানেল সম্পূর্ণই ঝুঁকিমুক্ত নিরাপদ রয়েছে। এতে বন্দরের চ্যানেল দিয়ে জাহাজ চলাচলে কোনো সমস্যা ও ঝুঁকি নেই। দুর্ঘটনাকবলিত স্থানে মার্কিংয়ের ব্যবস্থা করে দেয়া হয়েছে, যাতে পুনরায় অন্য কোন নৌযান দুর্ঘটনার শিকার না হয়।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051