
রাজধানীর মিরপুরে বিহারিদের উচ্ছেদ কার্যক্রমের ওপর আপিল বিভাগের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা থাকার পরও উচ্ছেদ অভিযান পরিচালনা করায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামসহ সাত জনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আদালত অবমাননার অভিযোগ আনার আবেদন করা হয়েছে। একই সঙ্গে উচ্ছেদ অভিযান পরিচালনার কারণে ওই সময় বিহারিদের প্রায় ৩৪ কোটি টাকা ক্ষতি পূরণের আর্জিও জানানো হয়েছে আবেদনে।
সোমবার (২৫ জানুয়ারি) আবেদন করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিহারিদের আইনজীবী সগির হোসেন লিয়ন। এ আবেদনের শুনানি করবেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এর আগে গতকাল রোববার (২৪ জানুয়ারি) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তাদের আইনজীবী এই আবেদন করেছেন।
আদালত অবমাননার অভিযোগে মেয়র মো. আতিকুল ইসলাম ছাড়াও ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, পুলিশ কমিশনার, মিরপুর জোন ডিএমপির উপ-পুলিশ কমিশনার, ডিএনসিসির পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রউফ নান্নু, পল্লবী থানার ওসিকে (ভারপ্রাপ্ত কর্মকর্তা) বিবাদী করা হয়েছে। তাদের সবার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন বিহারিরা।
ভিন্নবার্তা ডটকম/এন