সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি বলেছেন, মৃৎশিল্প আমার দেশের ঐতিহ্য, একে বাঁচিয়ে রাখতে আমাদের এগিয়ে আসতে হবে। তাহলেই পরিবেশ যেমন বাঁচবে তেমনি মৃৎশিল্পের সাথে জড়িত হাজারও মানুষ বাঁচবে।
মঙ্গলবার দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ১৩তম মৃৎশিল্পী সম্মেলন ও সন্মাননা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী মৃৎশিল্পের ঐতিহ্যের কথা উল্লেখ করে একে বাঁচিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, শিল্পানুরাগী ময়নুল আবেদিন ও সনাক বরিশালের সভাপতি শাহ সাজেদা।
অনুষ্ঠানে বক্তারা মৃৎ উপকরণের আধুনিকতার প্রতি জোর দিয়ে মৃৎশিল্পীদের যথাযথ প্রশিক্ষণ দেওয়ার দাবি তোলেন। পাশাপাশি মৃৎশিল্পীদের পণ্য বাজারজাতকরণে সরকারের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান।
এ সময় বক্তারা বলেন, এ শিল্পের কাঁচামাল আমার দেশের মাটি। এছাড়াও এই শিল্পের সাথে দক্ষ একদল সম্প্রদায় রয়েছে। সুতরাং এই শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল থাকার কথা থাকলেও এর সাথে জড়িত হাজারও মানুষ কোনোভাবে টিকে আছেন। নতুন করে কেউ এ পেশায় আসতে চাইছেন না।
অনুষ্ঠানে উপস্থিত মৃৎশিল্পীরা জানান, করোনাকালে তারা কোনো সহযোগিতা পাননি। বরং আপৎকালীন ওই সময়ে বহু শ্রমিককে ছাঁটাই করতে হয়েছে তাদের।
এদিকে আয়োজনে আজীবন ক্যাটাগরিতে বরিশালের গৈলা গ্রামের জয়দেব পালকে শিল্পাচার্য জয়নুল আবেদিন মৃৎশিল্প সম্মাননা ও মাদারীপুরের কালকিনী উপজেলার ডাসার গ্রামের উমা রানী বিশ্বাসকে শিল্পী চিত্ত হালদার সম্মাননাসহ নগদ দশ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে ১৩ জনকে সম্মাননা ক্রেস্ট, নগদ পাঁচ হাজার করে টাকা ও বস্ত্র প্রদান করা হয়। এ আয়োজন উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় ১৬ চিত্রশিল্পীকে পুরস্কৃত করা হয়।
সম্মেলনে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ছাড়াও রাজশাহী, নওঁগা, টাঙ্গাইল, ফরিদপুর ও রাজবাড়ী থেকে প্রায় দুইশ মৃৎশিল্পী অংশগ্রহণ করেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051