নাহিদ নামে এক বিতর্কিত যুবকের একটি ফেসবুক পেজে (www.facebook.com/nahidrains) লাইভে লাগামহীন ও চরম আপত্তিকর বক্তব্য দিয়ে তীব্র রোষানলে পড়েছেন সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। ওই বক্তব্যগুলোর জেরে তুমুল সমালোচনার মধ্যে পদত্যাগ করেন ডা. মুরাদ হাসান।
ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের উপস্থাপক নাহিদ নামে ওই যুবক তথ্য প্রতিমন্ত্রীকে খালেদা জিয়ার নাতি জাইমা রহমানকে নিয়ে বিভিন্ন বিষয় উসকানিমূলক প্রশ্ন ছুড়ে দেন। তার প্রশ্নের উত্তরে ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি ও জামালপুর ৪ আসনের সংসদ সদস্য ডা. মুরাদ হাসান একের পর এক অশালীন অশ্রাব্য মনগড়া বক্তব্য দিতে থাকেন।
বিভিন্ন সূত্র জানিয়েছে, বিতর্কিত ওই যুবকের গ্রামের বাড়ি চট্টগ্রামে। তিনি ভাইরাল হবে এমন টপিক নিয়েই নানা উসকানিমূলক কনটেন্ট নিয়মিত তৈরি করেন। তার ওই কনটেন্টগুলোতে তথ্য প্রমাণ তেমন থাকে না। মিথ্যা ও গুজব সমৃদ্ধ কনটেন্টের কারণে এর আগে ফেসবুক তার পেজ রিমুভ করে দেয়।
এরপরও থেমে থাকেনি তার কার্যক্রম। পুনরায় আবারও নতুন পেজ করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে আসছে।
গত ১ ডিসেম্বর রাতে ‘অসুস্থ খালেদা, বিকৃত বিএনপির নেতাকর্মী’ শিরোনামে নাহিদের সঙ্গে ফেসবুক লাইভে যুক্ত হন ডা. মুরাদ হাসান। লাইভের এক পর্যায়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে মন্তব্য করার আমন্ত্রণ জানান। ওই সময় তার চোখে মুখে ছিল বিশেষ কিছু শোনার। তার অঙ্গভঙ্গি ও উৎকট হাসি নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় নানা ট্রল হচ্ছে। নেটিজেনরা তার শাস্তি দাবি করে নানা কমেন্ট করছেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের আপত্তিকর বক্তব্য ও অডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) মৌখিক নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সব ভার্চুয়াল প্লাটফর্ম থেকে অডিও-ভিডিও সরাতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা আগামীকালের মধ্যে আদালতকে জানাতে বলা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ডা. মুরাদ হাসানের অশ্লীল অডিও-ভিডিও অপসারণ করতে আদালতের দ্বারস্থ হন ব্যারিস্টার সুমন।
ব্যারিস্টার সুমন আদালতে বলেন, জরুরিভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তথ্য প্রতিমন্ত্রীর অশ্লীল অডিও-ভিডিওগুলো অপসারণ করা প্রয়োজন। অপসারণ না করলে অল্প বয়সের ছেলেমেয়েরা এই ধরনের গালাগালি এবং অশ্লীল কথা বার্তা শুনে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। তাই প্রতিমন্ত্রীর অশ্লীল অডিও-ভিডিও দ্রুত সরাতে বিটিআরসির প্রতি নির্দেশনা প্রার্থনা করছি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051