সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এবং অনলাইন প্ল্যাটফর্মে মুরাদ হাসানের সাক্ষাত্কার নেওয়া মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধে যশোরের আদালতে মামলার আবেদন করা হয়েছে।
যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালতে আজ সোমবার সকালে এ আবেদন করেন। বিচারক অভিযোগটি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।
মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, তথ্য প্রতিমন্ত্রী থাকা অবস্থায় ডা. মুরাদ হাসান গত ১ ডিসেম্বর নাহিদ হেলালকে এক সাক্ষাৎকার দেন। এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দৌহিত্রী জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। তাঁর বক্তব্য ও উপস্থাপকের আচরণ অশালীন, নারী বিদ্বেষী ও নারীর প্রতি অবমাননামূলক। তাঁদের সেই সাক্ষাৎকার ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এটি জাইমা রহমানসহ জিয়া পরিবার ও নারী সমাজের জন্য অপমানজনক। এজন্য শত্রুতা চরিতার্থ করতে নারীর প্রতি বিদ্বেষপূর্ণ ও অবমাননাকর কাজ করার অভিযোগে এ মামলার আবেদন করা হয়েছে।
বাদী ও আইনজীবীরা জানান, ন্যায় বিচারের স্বার্থে তাঁরা আদালতের শরণাপন্ন হয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051