মুন্সীগঞ্জ শহরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মকবুল হোসেন ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ জিন্নাহর লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
আহতদের মধ্যে আব্দুল মালেক (৫০), মো: জামাল (৩৫), সোহাগ (৩৮), রাসেল (২৬), সাদ্দাম (৩০) ও আফসার হোসেনকে (৫০) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এবং মনির হোসেনকে (৪৮) ঢাকায় পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ জিন্নাহর নেতৃত্বে বেশ কয়েকটি ট্রলারযোগে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। তারা মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলের উদ্দেশে রওনা দিয়ে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সেখানে মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মকবুল হোসেনের ভাই মনির হোসেনের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে লাঠি-সোটা নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলেও জানান ওসি।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051