
বগুড়ার আদমদীঘির লক্ষ্মীপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধার ছেলে আমিরুল সরদারকে কুপিয়ে হত্যা মামলার আসামি নসরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাহী সদস্য তৌহিদুল ইসলামকে (৫০) গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাতে র্যাব সদস্যরা তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেন। সোপর্দের পর আদমদীঘি থানা পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার বিকালে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠিয়েছে।
মামলার প্রধান আসামি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আলমকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। নসরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক আজাদ ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শাহীন ও তৌহিদুলকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছেন।
পুলিশ সূত্র জানায়, র্যাব-১২ ও র্যাব-১১ স্পেশাল কোম্পানির সদস্যরা গোপনে খবর পেয়ে সোমবার রাতে নারায়ণগঞ্জ শহর থেকে আদমদীঘির আমিরুল হত্যা মামলার দুই নম্বর আসামি তৌহিদুল ইসলামকে গ্রেফতার করেন। তিনি আদমদীঘি উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। র্যাব সদস্যরা পরে তাকে আদমদীঘি থানায় সোপর্দ করেন।
নিহত আমিরুলের বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম বলেন, গত ২২ মার্চ বিকাল সাড়ে ৪টার দিকে প্রধান আসামি শাহীন আলম মোবাইল ফোনে তার ছেলেকে লক্ষ্মীপুর গ্রামের ক্লাব ঘরে ডেকে নিয়ে যান। রাত সাড়ে ১০টার দিকে জানতে পারেন- শাহীন ও তৌহিদুলের নেতৃত্বে মহসীন, আরিফ, সালাম, মামুন, জুয়েল, বকুল ও সাগরসহ বেশ কয়েকজন মিলে তার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে।
পরদিন বড় মেয়ে আফরোজা বেগম আদমদীঘি থানায় শাহীন, তৌহিদুলসহ ৩৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার পর পুলিশ আসামি নুর ইসলাম কবিরাজ, আবু বক্কর ও ওয়াহেদ নামে তিনজনকে গ্রেফতার করে। এরপর ২০ দিন পর অন্যতম প্রধান আসামি তৌহিদুলকে গ্রেফতার করা হয়। অপর আসামিরা এখনো ধরা পড়েনি।
এদিকে সোমবার দুপুরে উপজেলার নসরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শাহীন ও তৌহিদুলকে দল থেকে বহিষ্কার করেন।
সভাপতি আব্দুর রাজ্জাক আজাদ জানান, নসরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য তৌহিদুল ইসলাম এবং ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আলম হত্যা মামলার আসামি হওয়ায় দলের সুনাম ক্ষুণ্ন এবং ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই তাদের নিজ নিজ পদ হতে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা গার্মেন্টস ব্যবসায়ী তাজুল ইসলাম জানান, গ্রামের তুচ্ছ ঘটনায় তৌহিদুল ও শাহীন গ্রুপ বিচার সালিশ বসিয়ে মোটা অংকের জরিমানা আদায়সহ বিভিন্ন চাঁদাবাজির টাকা ভাগ-বাটোয়ারা করে নেন। যারা চাঁদা দিতে চায় না তাদের গ্রাম ছাড়া করেন। সম্প্রতি একটি জমির বেচা-কেনা নিয়ে এই চক্রের হাতে দুই লাখ টাকা আসে। টাকাগুলো তাদের দলনেতা শাহীনের কাছেই ছিল। এই টাকার ভাগাভাগি নিয়েই বৈঠক বসে। ওই বৈঠকে আমিরুলের সঙ্গে শাহীন ও তৌহিদুলদের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। এর জেরে বৈঠক শেষেই আমিরুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, গ্রেফতার তৌহিদুলকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছিল। এ ব্যাপারে পরে শুনানি অনুষ্ঠিত হবে। তিনি জানান, তৌহিদুলের বিরুদ্ধে আরো দুটি জিআর মামলা রয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
ভিন্নবার্তা/এমএসআই