ভিন্নবার্তা প্রতিবেদক: ক্ষমতাসীনরা মিথ্যাচার করে জিয়াউর রহমানকে খাটো করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের শীর্ষস্থানীয় নেতাদের বক্তব্যের প্রতি ইংগিত করে রবিবার দুপুরে এক ভার্চূয়াল আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।
তিনি বলেন, আজকে বিভিন্ন পত্র-পত্রিকায় দেখবেন, এই দেশের স্বাধীনতা যিনি ঘোষণা দিলেন যুদ্ধ করলেন একই সঙ্গে যিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরে ক্রীড়াঙ্গনে উদ্দীপ্ত করলেন, দেশকে জাগিয়ে তুললেন তার সম্পর্কে আজকে যেগুলো একেবারেই সত্য নয়, মিথ্যা সমস্ত কথা বলে তাকে খাটো করার চেষ্টা করা হচ্ছে।
খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে ক্রীড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে এই ভার্চূয়াল আলোচনা হয়। যুক্তরাষ্ট্রে অবস্থানরত সংগঠনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালামের সভাপতিত্বে ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হকের পরিচালনায় আলোচনা সভায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিকনায়ক শফিকুল হক হীরা।
এছাড়াও ক্রিকের্ট বোর্ডের সাবেক সহসভাপতি শাহ নুরুল কবির শাহিন, সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু, জেলা বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের মহাসচিব কাজী মহিউদ্দিন বুলবুল, ক্রীড়া সংগঠক তাবিথ আউয়াল ও প্রকৌশলী ইশরাক হোসেন বক্তব্য রাখেন।
ফখরুল বলেন, আওয়ামী লীগে গোটা রাষ্ট্রকে দলীয়করণ করে ফেলেছে। এটা তাদের আদর্শগত, নীতিগত বলব। কারণ ১৯৭৫ সালে তারা একদলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠা করেছিলো। আমরা সেগুলো ভুলে যাইনি। আজকে যদিও সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এতো সহজে সত্যকে তো ঢেকে দেয়া যায় না। এ সময় গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম জোরদার করতে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন ফখরুল।
ক্রিকেটসহ বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদানের কথা স্মরণ করেন বিএনপি মহাসচিব। কোকো রাজনীতির বাইরে থেকে পুরোপুরিভাবে খেলাকে খেলা হিসেবে দেখে তার সংগঠনের কাছে ব্যয় করেছেন ও অত্যন্ত সাফল্যের সঙ্গে করেছেন। আমরা ক্রিকেটে যে ভিত্তি আমরা দেখতে পাই-এটা তৈরি করেছিলেন আরাফাত রহমান কোকো। এ সময় ‘আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন গড়ে তোলার প্রস্তাব করেন তিনি।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051