
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফশিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। পাশাপাশি দলটির সহযোগী সংগঠনও তফশিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করে। মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে ঝিনাইদহ শহর। বুধবার সন্ধ্যা সাতটায় ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের তফশিল ঘোষণার পরই ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেটিকে স্বাগত জানায়। তফশিলকে স্বাগত জানিয়ে তাৎক্ষণিক মিছিলের নেতৃত্ব দেন ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
মিছিলে আওয়ামীলীগের নেতৃবৃন্দ ছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও কৃষকলীগের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। এদিকে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই এর সমর্থকরা পুরানো ডিসিকোর্ট এলাকা ও শিল্পকলা একাডেমী এলাকা থেকে আনন্দ মিছিল বের করে। ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় বলেছেন, গণতন্ত্র ও সাংবিধানিক শাসনের অংশ হিসেবেই ঘোষণা করা হয়েছে তফশিল। এদিকে তফশিল ঘোষনার পরপরই হরিণাকুন্ডু, শৈলকুপা, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর শহরে তফশিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ভিন্নবার্তা/এমএসআই