নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে আইয়ুব খান (১৭) ও তার মা বিবি খতিজাকে (৩৭) গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে জোবায়ের হোসেন হোরন নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী খতিজা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জোবায়ের হোসেন হোরন চরএলাহীর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজ রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘটনার একটি ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, পেছন থেকে ওই কিশোরের হাত বাঁধা। তার শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের আঘাত। তার মায়ের শরীরেরও আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক জানান, হাত বাঁধা অবস্থায় মাসহ ওই কিশোরেরকে স্থানীয় কিছু লোক তার কাছে নিয়ে আসে। গতকাল শনিবার দুপুরে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীরের গরু ওই কিশোরের জমির ধান খেলে কিশোর আইয়ুব গরুকে কয়েকটি আঘাত করে। তারই জের ধরে বিকেলে ওই কিশোর ও তার মাকে ঘরে ঢুকে আওয়ামী লীগ নেতা হোরনের নেতৃত্বে সাইফুল, জাহাঙ্গীর ও মতিনসহ কয়েকজন বেদম মারধর করে বলে জানায়।
এক পর্যায়ে তাদেরকে ঘর থেকে টেনে-হেঁচড়ে বাহিরে নিয়ে গিয়ে কিশোরের হাত পেছন থেকে বেঁধে জনসম্মুখে নির্যাতন করে। এ সময় নির্যাতনকারীরা ওই কিশোরের মাকেও বেদম মারধর করে। পরে ভুট্ট নামে এক লোক তাদেরকে উদ্ধার করে চেয়ারম্যানের কাছে নিয়ে আসে। এরপর চেয়ারম্যান ভুক্তভোগীদের মা ও ছেলেকে থানায় পাঠান এবং বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। তবে অভিযোগের বিষয়ে জোবায়ের হোসেন হোরনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, তারা একটি লিখিত অভিযোগ পেয়েছেন এবং ফেসবুকে একটি ভিডিও পেয়েছেন। রোববার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051