সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি প্রতিপালনে আগ্রাবাদের জাম্বুরি পার্ক, কাজীর দেউড়ির শিশু পার্ক এবং খুলশীর ফয়’স লেকে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ছুটির দিন বিকেলে চট্টগ্রাম নগরের এই তিন বিনোদনকেন্দ্রে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত মাস্ক ছাড়া ঘোরাঘুরির দায়ে ৬ দর্শনার্থীকে জরিমানা করেন।
অভিযানে নেতৃত্ব দেন- চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন হিমি।
এরমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী আগ্রাবাদের জাম্বুরি পার্ক এবং কাজীর দেউড়ির শিশু পার্কে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন।
তিনি মাস্ক ছাড়া পার্কে ঘোরাঘুরি, জটলা করে স্কুল-কলেজ শিক্ষার্থীদের টিকটক ভিডিও তৈরিসহ স্বাস্থ্যবিধি না মানায় ৬ দর্শনার্থীকে বিভিন্ন অঙ্কে জরিমানা করেন। বিনোদনকেন্দ্র ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের স্বাস্থ্যবিধি মেনে বিনোদনকেন্দ্র পরিচালনার নির্দেশনা দেন।
ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী জানান, শুক্রবার ছুটির দিন হওয়ায় আগ্রাবাদের জাম্বুরি পার্ক এবং কাজীর দেউড়ির শিশু পার্কে দর্শনার্থীদের ভিড় ছিলো। পার্কে প্রবেশের সময় সবাই মাস্ক পরিধান করলেও অনেকে ভিতরে গিয়ে তা পকেটে ঢুকিয়ে রাখেন কিংবা ফেলে দেন।
‘জাম্বুরি পার্কে স্কুল-কলেজের কিছু শিক্ষার্থীকে জটলা করে টিকটক ভিডিও তৈরি, গল্প করতে দেখা গেছে। তাদের আমরা সতর্ক করেছি। এ ছাড়া মাস্ক ছাড়া বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরির দায়ে ৬ দর্শনার্থীকে জরিমানা করা হয়েছে। ’
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন হিমি নগরের অন্যতম বিনোদনকেন্দ্র খুলশীর ফয়’স লেকে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন। তিনি ফয়’স লেক কর্তৃপক্ষকে স্বাস্থ্যবিধি মেনে বিনোদনকেন্দ্র পরিচালনার নির্দেশনা দেন।
ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন হিমি জানান, অন্য ছুটির দিনগুলোতে ফয়’স লেকে দর্শনার্থীদের ভিড় থাকলেও শুক্রবার তেমন ভিড় দেখা যায়নি। যারা এসেছিলেন- তাদের স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে আমরা উদ্বুদ্ধ করেছি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051