বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর শোকাবহ আগস্ট মাস আর পাঁচ দিন পর শুরু হচ্ছে। এই সময়ে মহামারি করোনার সংক্রমণ রোধে কঠোর লকডাউন চলছে। এ কারণে ভোক্তাদের কাছে মাসব্যাপী ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার থেকে ট্রাকে করে ডাল, তেল ও চিনি বিক্রি শুরু করছে সংস্থাটি।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর শোকাবহ আগস্ট মাসে কঠোর লকডাউন পরিস্থিতিতে ভোক্তাদের কাছে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে। ডিলারদের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে দেশব্যাপী বিক্রি কার্যক্রম ২৬ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত চলবে। কেবল ছুটির দিনে বিক্রি বন্ধ থাকবে। এই সময়ে প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকায় পাবেন ক্রেতারা। এছাড়া মসুর ডাল ও চিনি ৫৫ টাকা কেজিতে বিক্রি করা হবে।
টিসিবির এসব পণ্যের দাম আগের মতোই থাকছে। এ ক্ষেত্রে খোলাবাজারের তুলনায় প্রতি লিটার সয়াবিন তেল ৪৯ টাকা কমে পাবেন ক্রেতারা। বাজারের চেয়ে মসুর ডালে ৩৫ টাকা ও চিনি কিনতে ১৫ টাকা সাশ্রয় হবে। টিসিবির ট্রাক থেকে প্রত্যেক ক্রেতা সর্বোচ্চ ৫ লিটার তেল, (দুই লিটারের বোতল হলে চার লিটার), দুই কেজি মশুর ডাল ও দুই কেজি চিনি কিনতে পারবেন।
টিসিবি জানায়, এবার করোনার কারণে অন্যবছরের চেয়ে বেশি সময় খোলা ট্রাকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি অব্যাহত রয়েছে। অন্য বছরে সেপ্টেম্বর বা অক্টোবরে প্রয়োজন অনুযায়ী বিক্রি শুরু করা হয়। চলতি অর্থবছরের প্রথম কিস্তির পণ্য বিক্রি ৫ জুলাই থেকে শুরু হয়েছে। ঈদুল আজহা ও করোনা পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে এ পণ্য ঈদ পর্যন্ত বিক্রি করা হয়।
এর আগে গত ৬ থেকে ১৭ জুন ১১ দিন পণ্য বিক্রি করে টিসিবি। ঈদের আগে রাজধানীসহ দেশব্যাপী ৪৫০ জন ডিলারের মাধ্যমে পণ্য বিক্রি করা হয়। এবারও দেশব্যাপী পণ্য বিক্রির ঘোষণা দিয়েছে সংস্থাটি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051