মালয়েশিয়া থেকে প্রায় ৩৪ হাজার টন ডিজেল নিয়ে একটি অয়েল ট্যাংকার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।
শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলে অবস্থান নেয়। জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস।
প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, জাহাজটিতে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে। এর মধ্যে প্রায় ৫-৬ হাজার টন ডিজেল বহির্নোঙরে লাইটারিংয়ের (ছোট জাহাজে খালাস) মাধ্যমে নামাতে হবে। এ কাজ সম্পন্ন করতে অন্তত দুই দফা অপারেশন লাগবে।
তিনি আরও জানান, সবকিছু ঠিক থাকলে রোববার জাহাজটি পতেঙ্গার ডলফিন জেটিতে ভিড়তে পারে।
এর আগে, সিঙ্গাপুর থেকে আসা প্রায় ২৭ হাজার ৩০০ টন ডিজেলবাহী আরেকটি জাহাজ বর্তমানে ৬ নম্বর ডলফিন জেটিতে তেল খালাস করছে, যা রোববার বন্দর ত্যাগের কথা রয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে।
বিপিসি সূত্রে জানা গেছে, পাইপলাইনে থাকা সরবরাহের পাশাপাশি নতুন নতুন দেশ থেকে জ্বালানি তেল আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর এটি ডিজেল নিয়ে আসা দশম জাহাজ, যা দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051