মালয়েশিয়ার চ্যারাস শহরে গাড়িচাপায় রাজন মাহমুদ (২৫) নামে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
নিহত রাজন শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের চর লাউলানি গ্রামের জাহাঙ্গীর মৃধার ছোট ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উন্নত জীবনের আশায় রাজন প্রায় এক বছর আগে মা-বাবা, আত্মীয়স্বজন রেখে মালয়েশিয়ায় যান। তিনি মালয়েশিয়ার চ্যারাস শহরে শ্রমিকের কাজ করতেন। সোমবার রাতে গাড়িচাপায় গুরুতর আহত হন রাজন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রাজনের বাবা জাহাঙ্গীর মৃধা বলেন, আমার ছেলে মালয়েশিয়ায় নিহত হয়েছে। আমার ছেলের মরদেহ দেশে আনতে চাই। সরকার যেন দ্রুত আমার ছেলের মরদেহ দেশে আনার ব্যবস্থা করে দেয়।
ঘড়িষার ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড সদস্য আনসার মাঝি বলেন, নিহত রাজনের স্বজনরা পরিষদে এসেছিলেন। তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সব কাগজপত্র প্রস্তুত করে তাদের দেওয়া হয়েছে। আশা করছি দ্রুত রাজনের মরদেহ দেশে আনা হবে।
এ ব্যাপারে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শংকর চন্দ্র বৈদ্য বলেন, প্রবাসে কেউ নিহত হলে উপজেলা প্রশাসন ওই পরিবারের পাশে থাকার চেষ্টা করে। নিহত রাজনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসন সহযোগিতা করবে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051