মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমজীবী প্রবাসীদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসবের আয়োজন করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। শনিবার (২১ জুন ২০২৫) মালয়েশিয়ার পাহাং প্রদেশের কুয়ান্তানে এক মনোরম মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দুই শতাধিক বাংলাদেশি শ্রমিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইকমিশনার মো. শামীম আহসান। এছাড়া দূতাবাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, মালয়েশিয়ান ফার্ম মালিকদের প্রতিনিধি সাইফুল আমিরুল মোহাম্মদ বিন গাজালী, প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা অলি ইসলাম এবং বিভিন্ন রেমিটেন্স হাউজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এক প্রবাসী। স্বাগত বক্তব্য দেন হাইকমিশনের শ্রম কাউন্সেলর সৈয়দ শরিফুল ইসলাম।
বক্তব্যের শুরুতেই হাইকমিশনার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, বর্তমান প্রবাসীবান্ধব সরকার প্রবাসীদের সেবায় বহুমাত্রিক উদ্যোগ নিয়েছে। কুয়ালালামপুর থেকে দূর প্রদেশের প্রবাসীদের সুবিধার্থে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা চালু রয়েছে, যা কুয়ান্তানেও অব্যাহত থাকবে।
হাইকমিশনার বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণ দেশের অর্থনীতিকে শক্তিশালী করে। তিনি জানান, পাসপোর্ট ও অন্যান্য কনস্যুলার সেবা সহজ করতে ডাকে ও অনলাইনে সেবার ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানে মালিক পক্ষের প্রতিনিধি বাংলাদেশি শ্রমিকদের দক্ষতার প্রশংসা করেন। প্রবাসী নেতৃবৃন্দ হাইকমিশনের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং প্রবাসীদের সমস্যা সমাধানে আরও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে শ্রমিকরা নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে হাইকমিশনার তা মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে প্রবাসী শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে সকলের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন হাইকমিশনার। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শ্রমিকদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
পুরো অনুষ্ঠানজুড়ে প্রবাসীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তারা এমন আয়োজনের জন্য হাইকমিশনকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ঈদ পুনর্মিলনীর পাশাপাশি কুয়ান্তানে হাইকমিশনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ পাসপোর্ট ও কনস্যুলার সেবা প্রদান অব্যাহত রয়েছে, যা রবিবার পর্যন্ত চলবে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051