লেবাননের হিজবুল্লাহকে কালো তালিকাভুক্ত করার জন্য জার্মানির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে আমেরিকা। এমন তথ্য ও ভিডিও ফাঁস করেছেন লেবাননের সাংবাদিক এবং রাজনৈতিক ভাষ্যকার মারওয়া ওসমান।
গতকাল মঙ্গলবার টুইটারে দেয়া পোস্টে তিনি জানান, জার্মানিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড গ্রেনেল একটি ভিডিওতে খোলামেলাভাবে ঘোষণা করেন যে, "আমরা জার্মানির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছি, এতে তারা খুশি নন কিন্তু আমরা হিজবুল্লাহকে নিষিদ্ধ করার জন্য চাপ সৃষ্টি করেছি। আমি মনে করি ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের একই পথ অনুসরণ করা উচিত।" গত ১৮ আগস্ট মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড গ্রেনেল এক ভিডিওতে এসব কথা বলেন।
গত ডিসেম্বর মাসে জার্মানির জাতীয় সংসদ একটি প্রস্তাব পাস করে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের কাছে পাঠায় যাতে জার্মানির মাটিতে হিজবুল্লার সমস্ত তৎপরতা নিষিদ্ধ করার দাবি জানানো হয়। তার কিছুদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জার্মানি সফর করেন এবং সে সময় তিনি ব্রিটেনের পথ অনুসরণ করে হিজবুল্লাহকে নিষিদ্ধ করার জন্য জার্মানির প্রতি আহ্বান জানান।
চলতি বছরের ৩০ এপ্রিল জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেন এবং জার্মানির মাটিতে হিজবুল্লার সমস্ত তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করা থেকে বিরত রয়েছে।
১৯৮২ সালে দক্ষিণ লেবাননে আগ্রাসন চালায় ইহুদিবাদী ইসরাইল। ইসরাইলের দখলদারিত্ব থেকে দক্ষিণ লেবাননকে মুক্ত করার জন্য গড়ে ওঠে হিজবুল্লাহ নামক সংগঠন। ইরান সমর্থিত এই গোষ্ঠী মধ্যপ্রাচ্যে ইসরাইল-বিরোধী প্রভাবশালী সংগঠন হিসেবে পরিচিত।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051