বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মাজলিস। একইসঙ্গে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনের রাস্তায় বাংলাদেশ খেলাফত মাজলিস ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, যখন অন্যায়ের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক ডাক দিয়েছেন এবং বাংলাদেশের আপামর জনতা রাস্তায় নামতে শুরু করেছে তখনই আওয়ামী লীগ সরকার, যারা ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে তারা সুকৌশলে ষড়যন্ত্র করে মামুনুল সাহেবকে গ্রেপ্তার করে জেলে ভরে রেখেছে। এরপর আমরা যতবার তার জামিনের জন্য আবেদন করেছি, ততবার নাকচ করে দিয়েছে। তার কারণ এই সরকার আদালতকে ব্যবহার করছে। প্রশাসনকে তার হাতের মুঠোয় নিয়েছে।
তারা আরও বলেন, আজকে মানববন্ধন থেকে আমরা সরকারকে বলতে চাই, পুলিশ প্রশাসন আপনার গোলামি করতে পারেন, র্যাব আপনার গোলামি করতে পারে, আদালত আপনার গোলামি করতে পারে। কিন্তু বাংলাদেশের জনগণ আপনার গোলামি করবে না। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার জনগণ রাস্তায় নেমে আপনাকে ক্ষমতাচ্যুত করে মামুনুল হককে মুক্ত করব।
তারা আরও বলেন, বাণিজ্যমন্ত্রীর লজ্জা নেই। সরকারের ওপর থেকে নিচ পর্যন্ত সবাই নির্লজ্জ। নির্লজ্জ বেহায়াদের হাতে এ দেশ নিরাপদ নয়। অতএব দেশের ১৮ কোটি মানুষকে যদি নিরাপত্তা দিতে হয় তবে এই সরকারকে পদত্যাগ করতেই হবে। এই সরকারের পতন ছাড়া কারও শান্তি হবে না। আগামী অক্টোবরে খেলাফত আন্দোলনের পক্ষ থেকে সারা দেশের জনগণকে আহ্বান করব ‘চল চল ঢাকা চল’ কর্মসূচিতে অংশগ্রহণ করতে। সেই কর্মসূচি থেকে এই সরকারকে পতন করে দেশের মানুষকে মুক্তি দেব।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব জালালুদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ প্রমুখ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051