যথাসময়ে মামলার নথি আদালতে পাঠানোর জন্যে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। যথাসময়ে নথি পেতে হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসারদের সংশ্লিষ্ট শাখায় চাহিদাপত্র পাঠাতে এবং সংশ্লিষ্ট শাখার সুপারিনটেনডেন্টকে তা আদালতে পাঠাতে বলা হয়েছে।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশক্রমে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার (৬ মার্চ) এ নির্দেশনা জারি করা হয়।
এতে বলা হয়, সুপ্রিম কোর্টের (হাইকোর্ট বিভাগ) রুলস, ১৯৭৩ -এর ৪এ -এর বিধি ৮ অনুযায়ী মামলার দরখাস্তকারীর মেনশন স্লিপ গ্রহণ করে সংশ্লিষ্ট বেঞ্চ অফিসারের স্বাক্ষর ও তারিখ সম্বলিত নথির চাহিদাপত্র পাঠানোর বিধান রয়েছে।
এজন্য বেঞ্চ অফিসার কর্তৃক প্রতিদিন নির্ধারিত সময়ের মধ্যে পরবর্তী কার্যদিবসের নথির চাহিদাপত্র প্রেরণ এবং সংশ্লিষ্ট শখার সুপারিনটেনডেন্ট কর্তৃক ওই দিনই নথি প্রস্তুত করতে হবে। সেটি পরের দিন সকাল সাড়ে ৯টার মধ্যে সংশ্লিষ্ট আদালতে পাঠানোর নির্দেশনা সম্বলিত ২০১৮ ও ২০২০ সালে পৃথক দুটি অফিস আদেশ জারি করা হয়।
কিন্তু ওই নির্দেশনা পুরোপুরিভাবে প্রতিপালিত হচ্ছে না। যা কর্তব্য ও দায়িত্ব পালনে অবহেলা ও অসদাচরণের শামিল। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব পালনে সচেষ্ট হওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
এ অবস্থায় বেঞ্চ অফিসার কর্তৃক প্রতিদিন বিকেল ৩টার মধ্যে সংশ্লিষ্ট শাখায় নথির চাহিদাপত্র পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট শাখা কর্তৃক ওই দিনই নথি প্রস্তুত করে পরের দিন সকাল সাড়ে ৯টার মধ্যে সংশ্লিষ্ট আদালতে তা পাঠাতে হবে।
এক্ষেত্রে কোনো প্রকার শৈথিল্য বা অবহেলা সুপ্রিম কোর্টের (হাইকোর্ট বিভাগ) কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) রুলস, ১৯৮৩ অনুযায়ী অসদাচরণ হিসেবে বিবেচিত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051