
গত সদর উপজেলা নির্বাচনে মাদারীপুর সদরে মিজানুর রহমান নামে এক আওয়ামী লীগ কর্মী হত্যা মামলায় ৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন।
মাদারীপুরের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সিং জানান, যাবজ্জীবন দণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা এবং সেই সঙ্গে দুই আসামিকে ১০ বছরের কারাদণ্ড আরও এক আসামিকে ০৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে হত্যার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
দণ্ড প্রাপ্তরা হলেন সদর উপজেলাধীন খোয়াজপুর ইউনিয়নের গোলাম রহমান পলাশ (৩৮), গোলাম কিবরিয়া (৫২), নিশাদ সিকদার (২৬), আব্দুল করিম (২৮), আরিফ হোসেন (২৬), ইউনুস খান (৫০), আরমান হোসেন (২৭)।
বেকসুর খালাস প্রাপ্ত আসামিরা হলেন শাওন শাহরিয়া (৪০), মাহমুদ হাসান (২৮), কাওসার ফকির (৩৭)। রায় ঘোষণার সময় দণ্ড প্রাপ্ত আসামিরা সকলেই প্রথম থেকে পলাতক রয়েছেন। আদালতে রাষ্ট্র পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর সিদ্দিকুর রহমান সিং। খালাস প্রাপ্তদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জাহিদুল ইসলাম খান।
পাবলিক প্রসিকিউটর জানান, ২০১৮ সালের ১০ই জুলাই মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিএনপির নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিল থেকে বিএনপি নেতা গোলাম রহমান পলাশের নেতৃতে ৫০ থেকে ৭০ জন নেতা কর্মী মুক্তিযোদ্ধা মিলনায়তনের সামনের রাস্তায় আওয়ামী লীগের মিছিলে হামলা চালায়, তখন আওয়ামী লীগ কর্মী মিজানুর রহমান গুরুতর আহত হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এই ঘটনায় নিহতের বড় ভাই সদর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ১০ আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
মিজানুর রহমান হত্যা মামলায় আদালত ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় দিল। এই দিকে রায়ে অসন্তোষ প্রকাশ করে নিহতের ভাই সাংবাদিকদের জানান, এই রায়ে ৩ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে তারা এই ঘটনার সাথে জড়িত ছিল। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাফর আলী মিয়া বলেন, গোলাম কিবরিয়া উক্ত বারের একজন সিনিয়র আইনজীবী। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগ আসামিদের বিরুদ্ধে সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই হত্যা মামলা দায়ের করেছিল আর আদালত আজ এই প্রহসনের রায় দিল।
ভিন্নবার্তা ডটকম/আরজে