ঢাকার ধামরাইয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে মদপান করে মাতলামিতে বাধা দেওয়ায় মো. মজিবুর রহমান নামে এক বৃদ্ধকে ঘাড় মটকে হত্যার অভিযোগ উঠেছে কাউছার আহাম্মেদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৮টার দিকে উপজেলার চৌহাট ইউনিয়নের চর চৌহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায়। অনেক দেনদরবারের পর বাদ জোহর ওই মরদেহ দাফন করা হয় বলে জানা গেছে।
মো. মজিবুর রহমান ওই গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে। মদ্যপ কাউছার আহাম্মেদ একই এলাকার মো. আব্দুর করিম বেপারি ওরফে ঠান্ডু মিয়ার ছেলে। তিনি এলাকার চিহ্নিত মদ্যপ ও পুরাতন ভবন ক্রয়বিক্রয়কারী।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে নিশ্চিত করেছেন কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. আলামিন হাওলাদার।
স্থানীয় সূত্র জানায়, শনিবার উপজেলার চর চৌহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিকাল ৪টা থেকে এ অনুষ্ঠানে মদপান করে মাতলামি শুরু করেন একই এলাকার কাউছার আহাম্মেদ। রাত ৮টা পর্যন্ত ওই স্কুল মাঠে মাতলামি করতে থাকলে প্রবাসী সাইফুল ইসলামের বাবা মো. মজিবর রহমান মাতলামি করতে বাধা দেন। এতে কাউসার আহাম্মেদ ক্ষিপ্ত হয়ে ওই প্রবাসীর বাবাকে ঘাড় মটকে মেরে ফেলেন।
পরে স্থানীয়ভাবে বিষয়টি সমঝোতা করতে দফায় দফায় বৈঠক হয়। এরপর স্থানীয়ভাবে সমঝোতা হলে মরদেহটি বাদ জোহর দাফন করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়।
নিহতের মেয়ে জামাতা মো. শহীদুল ইসলাম বলেন, মানুষ মরণশীল। যেভাবেই হোক আমার শ্বশুরের মৃত্যু হয়েছে। আমরা নির্মম নিয়তিকে মেনে নিয়েছি। এছাড়া আমাদের তো সমাজ নিয়েই চলতে হবে।
কাওছার আহাম্মেদ জানান, আমার বিরুদ্ধে একটি কুচক্রীমহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা আমাকে ফাঁসানোর জন্য আমার বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছে।
কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. আলামিন শেখ বলেন, বিষয়টি জানার জন্য এসআই নিউটন মৃধাকে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051